• বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু পাঁচ রাজ্যে, অ্যাপেও চলছে তথ্য সংগ্রহ
    এই সময় | ১৭ মে ২০২৬
  • বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হলো দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেগুলির মধ্যে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুর এলাকায়।

    এ বার জনগণনায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে সরাসরি জনতাকে জোড়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই মতো বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া’ (আরজিসিসিআই) জানিয়েছে, জনগণনা সংক্রান্ত সেই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে তাতে নিজের ও পরিবার সম্পর্কে তথ্য জানাতে পারবেন কোনও ইচ্ছুক পরিবার-প্রধান। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহও করবেন গণনাকর্মীরা।

    সরকার জানিয়েছে, রবিবার থেকে অ্যাপে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হচ্ছে গুজরাট, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পুদুচেরিতে। নাগরিকেরা অ্যাপের মাধ্যমে নিজেদের তথ্য জানাতে পারবেন ৩১ মে পর্যন্ত। তার পর ১ জুন থেকে এই ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ। এখনও পর্যন্ত ২৫ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় দেড় কোটি মানুষ অ্যাপে নিজেদের তথ্য জানিয়েছেন। ফলে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহের এই সিদ্ধান্তকে ‘সাফল্য’ হিসাবেই ব্যাখ্যা করতে চাইছেন সরকারি আধিকারিকদের একাংশ।

    সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাপে সফল ভাবে তথ্য জমা পড়লে ইচ্ছুক তথ্যদাতা মোবাইলে একটি ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ পাবেন। সেই স্লিপটি দেখালেই বাড়িতে আসা গণনাকর্মীদের নতুন করে তথ্য দিতে হবে না সেই পরিবারকে। কেন্দ্রের মতে, এর ফলে কোনও ব্যক্তি নিঃসঙ্কোচে নিজের ও তাঁর পরিবার সম্পর্কে তথ্য জানাতে পারবেন। আবার, অনেক ক্ষেত্রেই পারিবারিক সম্পত্তি (নিজের বাড়ি, মোটরবাইক বা গাড়ি আছে কি না) সংক্রান্ত তথ্য অচেনা ব্যক্তিকে জানানোর প্রশ্নে অনেকেই অস্বস্তিবোধ করেন। এ ধরনের ক্ষেত্রগুলিতে তথ্য লুকোনোর প্রবণতা অতীতে দেখা গিয়েছে। তাই তথ্যবিকৃতি এড়াতেই সরাসরি জনগণকে তথ্য জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।

  • Link to this news (এই সময়)