• গ্রেপ্তার তৃণমূল নেতার ভাইপো-সহ দুই যুবক
    আজকাল | ১৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সাহেবগঞ্জ থানার পুলিশ। গতকাল, শনিবার রাতে চৌধুরীর হাট গ্রাম পঞ্চায়েতের চৌধুরীহাট-খাটামারী এলাকায় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার প্রধান রাধারাণী বর্মনের ভাইপো-সহ দুই যুবক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরবাইক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মিঠুন বর্মন (৩০) এবং রবিউল হক (২৯)। মিঠুন বর্মনের বাড়ি দিনহাটার জায়গীর বালাবাড়ি এলাকায় এবং রবিউল হকের বাড়ি সেউটি ১ নম্বর গ্রামে। রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

    জানা গেছে, শনিবার গভীর রাতে চৌধুরীহাট-খাটামারী রাস্তার মাসান পাঠ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ। সন্দেহজনকভাবে মোটরবাইকে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করা হয়। এরপর তাঁদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৯৪ গ্রাম। পুলিশ সঙ্গে সঙ্গেই মাদক এবং মোটরবাইকটি বাজেয়াপ্ত করে।

    অভিযানের সময় উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় এবং নয়রাহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রী ঘোষ। প্রশাসনের উপস্থিতিতে সম্পূর্ণ তল্লাশি প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে। সেই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

    ঘটনায় রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের আত্মীয়ের নাম জড়িয়ে পড়ায় বিরোধীরা সরব হতে শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)