রাজ্য নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাম প্রার্থীর
আজকাল | ১৭ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়ে রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিজেদের দায়িত্বভার নেওয়ার পর এবার মুর্শিদাবাদ জেলায় প্রকাশ্যে এল বামফ্রন্টের অন্দরে তীব্র অন্তর্দ্বন্দ্ব।
এবারের নির্বাচনে রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের পরাজিত সিপিআইএম প্রার্থী আবুল হাসনাত নিজের দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য সোমনাথ সিংহ রায়ের বিরুদ্ধে নির্বাচনী তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগ করে রাজ্য এবং জেলা নেতৃত্বকে লিখিত অভিযোগ জানালেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রঘুনাথগঞ্জ কেন্দ্র থেকে এবারও জিতেছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী আখরুজ্জামান। ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী নাসির শেখ, চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী আবুল হাসনাত।
সিপিআইএমের পরাজিত প্রার্থীর দাবি, ভোটের খরচ বাবদ তিনি সোমনাথকে ১৯ লক্ষ টাকা দিলেও খরচের সঠিক হিসাব পাননি তিনি। এর পাশাপাশি জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই বিরোধী দলের প্রার্থীর সঙ্গে রাজ্য কমিটির এই সদস্যের ভোটের আগে ‘রহস্যজনক সম্পর্ক’ থাকারও অভিযোগ তুলেছেন তিনি।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিআইএমের রাজ্য কমিটির অন্যতম সদস্য সোমনাথ সিংহ রায়। তিনি বলেন, ‘উনি দলের ভেতরে গণ্ডগোল লাগানোর জন্য এখন এই সমস্ত অভিযোগ করছেন। নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি নিজে ভোট প্রচারের দায়িত্বে ছিলেন। অথচ সেখানে মাত্র ১১০০ ভোট পেয়েছে সিপিএম। এমনকী নিজের এলাকা হাতিবান্ধার ১৭৫ নম্বর বুথেও তাঁর থেকে বিরোধী দলের প্রার্থীরা বেশি ভোট পেয়েছেন। আর এখন উনি ভিত্তিহীন অভিযোগ করছেন।’
আবুল হাসনাতের অভিযোগ, ‘রাজ্যে এবং আমার কেন্দ্রের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বামেদের পক্ষে ছিল। কিন্তু ভোটের দু-চার দিন আগে থেকে হঠাৎ করেই রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় সবকিছু বদলে যেতে থাকে। রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায় আমাদের দলের যে সাংগঠনিক শক্তি রয়েছে সেই অনুপাতে আমি ভোট পাইনি।’
দলের রাজ্য সম্পাদককে করা লিখিত অভিযোগে তিনি জানান, ‘এখানকার রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়ের সঙ্গে জঙ্গিপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং রঘুনাথগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী নাসির শেখের সম্পর্ক অত্যন্ত রহস্যজনক। সেই সম্পর্কের সুবাদে এবং অর্থের বিনিময়ে তিনি এবং তাঁর কিছু অনুগামী এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি জাতীয় কংগ্রেসের প্রার্থী নাসির শেখের হয়ে ভোট করেন।’
এমনকী, এই অভিযোগের সাপেক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। দলের নেতার বিরুদ্ধে অভিযোগ তুললেও দলবদলের কথা ভাবছেন না বলে জানিয়েছেন আবুল হাসনাত।
তিনি বলেন, ‘আমি আমার অভিযোগের কথা জেলা এবং রাজ্য সম্পাদককে জানিয়েছি। দলের নেতারা যদি রাজ্য কমিটির ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে আমি অন্য দলে যাব না। আমি বরাবরই বাম রাজনীতি করেছি। মাঝে একবার ভুল বোঝাবুঝির জন্য অন্য দলে গিয়েছিলাম। তবে দল আমাকে যোগ্য মনে করাতেই এ’বছর রঘুনাথগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছিল। আমার মনে হয় এইসব বেইমানদের দল থেকে তাড়ানোর দরকার রয়েছে।’
অন্যদিকে, নাসির শেখের সঙ্গে কোনওরকম যোগাযোগ থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন সোমনাথ সিংহ রায়। তিনি বলেন, ‘এক সময় আবুল হাসনাত নিজেই এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাসির শেখের হাত ধরে কংগ্রেসের রাজনীতি করত। সে এখন আমার বিরুদ্ধে নাসির শেখের সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছে! এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না।’