• সল্টলেকে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড ও জমির দলিল; চাঞ্চল্য
    আজ তক | ১৭ মে ২০২৬
  • সল্টলেকের বিধাননগর পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে তৃণমূল পার্টি অফিস থেকে ১০০-রও বেশি আধার কার্ড উদ্ধার। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। পুলিশ সেই সব কার্ড উদ্ধার করে নিয়ে যায়। 

    স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি জমির অবৈধ কেনাবেচা সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে পার্টি অফিস থেকে। উদ্ধার হওয়া আধার কার্ডগুলি এলাকারই লোকজনের। তাঁদের অভিযোগ, আধার কার্ড তৈরির সময় তৃণমূল পার্টি অফিসের ঠিকানাতেই কার্ডগুলি আসত। বহুবার আধার কার্ড চাইতে গেলেও পার্টি অফিস থেকে জানানো হত, এখনও কার্ড এসে পৌঁছয়নি। এই পরিস্থিতিতে গত ৪ মে স্থানীয় বাসিন্দারা পার্টি অফিসে তালা লাগিয়ে দেন। এরপর আজ রবিবার সকালে অফিসের তালা খোলা হলে সেখান থেকেই বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়।

    স্থানীয় বাসিন্দা তথা বিজেপির এক নেত্রী শম্পা দেবনাথ বলেন, 'এলাকার লোকজনের আধার কার্ড পার্টি অফিসে আটকে রেখেছিল তৃণমূলের নেতারা। তাঁরা কার্ড দিতেন না। এভাবে এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন। নির্বাচনে তার ফল মিলেছে। পার্টি অফিস থেকে অনেক জাল দলিল ও নথি উদ্ধার হয়েছে। সেগুলি নিয়েও থানায় অভিযোগ জানাব। কে বা কারা করেছে তা এলাকার সবাই জানেন।' 

    এলাকার আর এক যুবক জানান, তাঁর বাবা ও মায়ের আধার কার্ড দিনের পর দিন পার্টি অফিসে আটকে রাখা হয়েছিল। তাঁরা চাইলেও তা দেওয়া হয়নি। নেতাদের হাতে-পায়ে ধরেও সেই কার্ড মেলেনি। এরপর আজ তিনি দুটি কার্ডই পান পার্টি অফিস থেকে। 

    স্থানীয় বিজেপি নেতাদর দাবি, প্রায় ২ থেকে ৩ বছর ধরে এই সব আধার কার্ড পার্টি অফিসে আটকে রাখা হয়েছিল। অনেকের জমি ও বাড়ির দলিলও কেড়ে নিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। তাদের শাস্তির দাবি করছি।  
  • Link to this news (আজ তক)