হাওড়া স্টেশনের বাইরে গুঁড়িয়ে দেওয়া হল ফুটপাথের ১৫০-র বেশি ‘অবৈধ’ দোকান
দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৬
হাওড়া স্টেশনের বাইরে শনিবার রাতে চলল বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল ফুটপাথের ১৫০টিরও বেশি দোকান। অবৈধ ভাবে দোকানগুলি গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল, স্টেশনের বাইরে ফুটপাথ জুড়ে গড়ে ওঠা অসংখ্য অস্থায়ী দোকানের জন্য যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে ট্রেন ধরতে আসা মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে শনিবার গভীর রাতে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্টেশন চত্বরকে আরও প্রশস্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার রাত গভীর হতেই বিশাল পুলিশ বাহিনী, আরপিএফ এবং রেল পুলিশের উপস্থিতিতে শুরু হয় অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক ফুটপাথের দোকান ভেঙে ফেলা হয়। প্রায় ১৫০টিরও বেশি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।
অভিযানের সময় কয়েক জায়গায় হকারদের সঙ্গে পুলিশের বচসাও হয়। ব্যবসায়ীদের অভিযোগ, শনিবারই তাঁদের জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল এবং পর্যাপ্ত সময় না দিয়েই রাতে উচ্ছেদ চালানো হয়েছে। বহু হকারের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।
তবে যাত্রীদের একাংশ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, স্টেশন চত্বর ফাঁকা হলে চলাচল সহজ হবে এবং হকারদের দৌরাত্ম্যও কমবে। যদিও হাওড়া স্টেশনে হকার উচ্ছেদ এই প্রথম নয়। অতীতেও একাধিকবার রেল কর্তৃপক্ষ স্টেশন সংলগ্ন এলাকা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে।