সরকারি অফিসারদের সামনে কোনও রাজনীতির প্রশ্ন নয়। সাংবাদিকদের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার তিনি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুভেন্দুর কথায়, “আগের সিস্টেম হবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি তুমি করা হবে না।” তৃণমূলী ‘কালচার’ বন্ধ, সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিলেন, তেমনই মত ওয়াকিবহাল মহলের।
রাজ্যে বিজেপি সরকারে আসার পরই সরকারি ও প্রশাসনিক মহলে কার্যত খোলনলচে বদল শুরু হয়েছে। একাধিক নয়া সরকারি নিয়ম চালু হয়েছে। প্রশাসনকে আরও মজবুত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভা। তারই আরও একটি পদক্ষেপ গতকাল সামনে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। তৃণমূল সরকারের আমলে সরকারি মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দেওয়া হত! আবার রাজনৈতিক মঞ্চ থেকে সরকারি ঘোষণা হত বলে অভিযোগ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদবর্গ সেই প্রক্রিয়া বছর বছর ধরে চালিয়ে এসেছেন বলে অভিযোগ।
তৃণমূল আমলের সেইসব ‘অসাংবিধানিক’ রীতি-রেওয়াজ এবার বন্ধ করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে… কেউ হায়দরাবাদ, কেউ মুসৌরি, কেউ দেরাদুন থেকে এঁরা পড়ে এসেছেন… আমি আপনাদের বলে দিচ্ছি প্লিজ পলিটিক্যাল প্রশ্ন আপনারা আমায় আলাদা করবেন। অফিসারদের উপস্থিতিতে করবেন না।” মুখ্যমন্ত্রীকে হাতজোড় করতেও দেখা গিয়েছিল সাংবাদিকদের সামনে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের ভূমিকাকে আরও একবার কাঠগড়ায় তোলা হল! তেমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।