মোবাইল টাওয়ারে উঠে পড়েছেন এক যুবক। ওই টাওয়ারের প্রায় ৫০ ফুট উঁচুতে উঠে আজব বায়না ধরেন তিনি। বেশি কিছু দাবি নয় ওই যুবকের। তাঁর দাবি সামান্যই। ওই টাওয়ারে উঠে এক প্যাকেট গাঁজা চেয়েছিলেন তিনি। এর জন্য কাতর অনুরোধ করেন পুলিশের কাছেও। শেষ পর্যন্ত তাঁকে বুঝিয়ে নামিয়ে আনে পুলিশ। রবিবার, এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম (Prakasam) জেলার ইয়েরাগোন্ডাপালেম (Yerragondapalem) শহরে।
পুলিশ সূত্রে খরব, যে যুবক ওই মোবাইল টাওয়ারে উঠে পড়েন তাঁর নাম হনুমন্থু (Hanumanthu)। সেই সময়ে ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গিয়েছে।
টাওয়ারে উঠেই গাঁজার জন্য দাবি করতে থাকেন তিনি। তাঁকে ওই ভাবে দেখে ভয় পেয়ে যান এলাকার লোকজনও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা। তাতে দেখা গিয়েছে, বিপজ্জনক উচ্চতায় ঝুঁকিপূর্ণভাবে বসে চিৎকার করছেন হনুমন্থু।নীচে দাঁড়িয়ে আছেন অনেক বাসিন্দারাই। যে কোনও ওই যুবক ঝাঁপ দিতে পারেন বলে আশঙ্কা করেন তাঁরা। তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করা হলেও নামতে অস্বীকার করেন। গাঁজা (ganja) না পেলে নেমে আসবেন না বলে জানিয়ে দেন ওই যুবক। তাঁর পরেই বাসিন্দারা খবর দেন পুলিশের কাছে।
এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘক্ষণের চেষ্টায় নামিয়ে আনা সম্ভব হয়েছে ওই যুবক। মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই যুবককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নামিয়ে আনার পরেও হনুমন্থু বলেন, ‘আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে এক প্যাকেট গাঁজা এনে দিন স্যর।’
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের সন্দেহ ওই যুবক মানসিক যন্ত্রণায় ভুগছেন অথবা তিনি মাদকাসক্ত। হাসপাতালে পরীক্ষার পরেই এই নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।