• তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে জনরোষ, ভাঙল সিসি ক্যামেরা, এসি
    এই সময় | ১৭ মে ২০২৬
  • তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুরের অভিযোগ আমতায়। এলাকার বাসিন্দাদের দাবি, তৃণমূল জমানায় কাটমানি চাইতেন ওই পঞ্চায়েত প্রধান। বদলের বাংলায় তাই হিসাব চাইছেন তাঁরা। ১০০ দিনের কাজের জব কার্ড নিজের কাছে রেখে দেওয়ার পাশাপাশি আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে আমতা বিধানসভার কাশমলি গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। রবিবার তাঁরই বাড়িতে চড়াও হন এলাকার লোকজন। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকার লোকজন জানান, কাশমলি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল নেতা তরুণ দলুইয়ের পরিবার। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তরুণ নিজে প্রধান ছিলেন। তার পর থেকে তাঁর স্ত্রী অঞ্জলি দলুই ওই পঞ্চায়েতের প্রধান। স্থানীয়দের দাবি, তরুণের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ আছে। আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে শুরু করে ১০০ দিনের জব কার্ড নিজের কাছে আটকে রাখার পাশাপাশি কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকার পরিবর্তনের পরে কয়েক দিন ধরে তাঁর কাছে এলাকার মহিলারা জব কার্ড চাইছিলেন। কিন্তু তিনি নানা অছিলায় এড়িয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। এমনকী পঞ্চায়েত অফিসে গেলেও তাঁদের ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল।

    রবিবার ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর শুরু করে। অভিযোগ, পেল্লাই সাদা রঙের দোতলা বাড়ি। দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন এলাকার লোকজন। বাইরে থাকা এসির মেশিন ভাঙচুর করেন। ইট মেরে জানালার কাচ ভেঙে দেন। সিসি ক্যামেরাও ভেঙে দেন। পরে দরজায় তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।

    খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকার মানুষকে শোষণ করে আসছিল। এ দিন তারই বিস্ফোরণ হয়েছে। সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে নিতে চাইছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ আছে।’ আইনের পথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিধায়ক। যদিও এ নিয়ে প্রধান বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রাক্তন বিধায়ক সুকান্ত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।

  • Link to this news (এই সময়)