কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুম থেকে ৭২ টি কল চুরি করে চম্পট দিল চোর
বর্তমান | ১৭ মে ২০২৬
রায়পুর, ১৭ মে: চোরদের টর্গেট কংগ্রেসের জেলা কার্যালয়ের বাথরুমের কল। এক দুটি নয় গুনে গুনে ৭২টি কল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, পালানোর আগে বাথরুমের মেঝেতে 'লাভ ইউ' লিখে রেখে যায় তারা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুরে কংগ্রেসের জেলা কার্যালয় রাজীব ভবনে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় কার্যালয়ে।
রাজীব ভবনে এর আগেও দু’বার চুরির ঘটনা ঘটেছে। ফলে বারবার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠছে। কংগ্রেস নেতাদের দাবি, 'চোরেরা অত্যন্ত নিখুঁতভাবে ট্যাপগুলি খুলে নিয়ে গেছে, যা দেখে মনে হচ্ছে তাদের ধরা পড়ার কোনও ভয়ই ছিল না'। ঘটনার খবর পেয়ে জেলা কংগ্রেস সভাপতি বলকৃষ্ণ পাঠক ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, 'শহরে সক্রিয় মাদকাসক্ত ও সমাজবিরোধীদের হাত থাকতে পারে এই ঘটনায়'। তিনি আরও জানান, 'এটি রাজীব ভবনে তৃতীয় চুরির ঘটনা। চোরেদের এমন দুঃসাহসই প্রমাণ করছে যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। উপরন্তু, তারা মাটিতে বার্তা লিখে রেখে পুলিশের ও প্রশাসনের প্রতি সরাসরি কটাক্ষ করেছে।'
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বারবার একই অফিসে চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।