• পাঁচ মেডিকেল কলেজ পেল ১০টি অ্যাম্বুলেন্স, মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই তৎপরতা
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পরে তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর। রোগী পরিষেবার কথা ভেবে কলকাতার পাঁচটি মেডিকেল কলেজের হাতে শনিবার রাতে তুলে দেওয়া হল অ্যাম্বুলেন্স। পাশাপাশি কলকাতার চারটি মেডিকেল কলেজ পরিদর্শনও করলেন শীর্ষ স্বাস্থ্যকর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, অন্যতম সচিব শরদ কুমার দ্বিবেদী প্রমুখ। শুক্রবার পিজি হাসপাতালে বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্যদপ্তরের কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রেফার সহ স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। একইসঙ্গে বৈঠকে ফ্রি-অ্যাম্বুলেন্স পরিষেবার বিষয়টি উঠে আসে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হল রাজ্য স্বাস্থ্যদপ্তর। শনিবার রাতে কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও আরজি কর হাসপাতালের হাতে উন্নতমানের ১০ অ্যাম্বুলেন্স তুলে দিয়েছেন স্বাস্থ্যসচিব। প্রতিটি মেডিকেল কলেজের জন্য দু’টি করে অ্যাম্বুলেন্স দেওয়া হল। সেই সঙ্গে চারটি মেডিকেল কলেজের ইমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। কথা বলেন রোগী ও পরিজনদের সঙ্গেও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই দপ্তরের এই তৎপরতায় খুশি সকলেই।
  • Link to this news (বর্তমান)