• ভরদুপুরে রাস্তায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, গড়িয়ায় ধৃত এক
    বর্তমান | ১৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মানিকতলা, বেলেঘাটার পর এবার গড়িয়া। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় এক বিজেপি কর্মীর উপর কাটারি নিয়ে চড়াও হলেন স্থানীয় এক তৃণমূল কর্মী। কাটারির কোপে গুরুতরভাবে জখম হয়েছেন ওই বিজেপি কর্মী। পুলিশ জানিয়েছে, আহতের নাম অনির্বাণ মুখোপাধ্যায়। কাটারির কোপে তাঁর ডান হাতের আঙুল কাটা গিয়েছে। যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন যুবক। বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। ধৃতের নাম সুদীপ দাস ওরফে বুড়ো। আজ, রবিবার ধৃতকে আদালতে পেশ করা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে আহত যুবকের পুরানো শত্রুতা রয়েছে। বিধানসভা নির্বাচন চলাকালীন নিজেদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় সেই শত্রুতা আরও প্রকট হয়। শনিবার দুপুরে গড়িয়ার মহুয়া সিনেমা হলের উল্টোদিকের গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন অনির্বাণ। সেই সময় পিছন থেকে অতর্কিত হামলা চালায় অভিযুক্ত সুদীপ। তার জেরে শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তি আর্তনাদ শুরু করে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাটুলি থানার পুলিশ। আহতকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। লালবাজার জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)