নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান চালাল রেল। শনিবার রাতে স্টেশন চত্বরের সামনের অংশে অস্থায়ী হকারদের স্টল, ডালা ও অবৈধ দখল সরাতে তৎপর হয় রেল কর্তৃপক্ষ ও পুলিশ। উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজারও। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনের সামনের অংশে বেআইনিভাবে একাধিক অস্থায়ী দোকান ও হকার স্টল গড়ে উঠেছিল। অভিযোগ, এর জেরে যাত্রীদের যাতায়াতে সমস্যার পাশাপাশি বাড়ছিল যানজটও। আর সেই কারণেই এদিন যৌথভাবে উচ্ছেদ অভিযানে নামে রেল ও পুলিশ প্রশাসন। ৩০টিরও বেশি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযান ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালায় পুলিশ। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন চত্বরকে আরও স্বচ্ছ ও যাত্রীবান্ধব করে তুলতেই এই পদক্ষেপ।