তৃণমূল অফিসের আলমারিতে হাজার হাজার জব ও ভোটার কার্ড
আজকাল | ১৮ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের করসা ২ নম্বর অঞ্চলের ছোটতারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে উদ্ধার বিপুল সংখ্যার জব কার্ড, ভোটার কার্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি। যাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এলাকার কয়েকজন বিজেপি কর্মী দেখতে পান দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিসটি হঠাৎ খোলা হয়েছে। অফিসের সামনে একটি টোটো দাঁড়িয়ে ছিল। সেখান থেকে কিছু মালপত্র সরানোর কাজ চলছিল বলে অভিযোগ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিজেপি কর্মী পার্টি অফিসের ভিতরে প্রবেশ করেন।
অভিযোগ, অফিসের ভিতরে থাকা একটি আলমারি খুলতেই বেরিয়ে আসে অসংখ্য জব কার্ডের বই, ভোটার কার্ড, জমির দলিল-সহ নানা গুরুত্বপূর্ণ নথি। মুহূর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও আলমারির একটি অংশ খোলা যায়নি। তাঁদের আশঙ্কা, সেটি খোলা হলে আরও বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে। খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া নথিপত্র পরীক্ষা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কীভাবে এত নথি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এলো তা তদন্ত করে দেখা হবে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের প্রশ্ন, সাধারণ মানুষের সরকারি নথি কেন একটি পার্টি অফিসে রাখা হয়েছিল?
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।