• বাংলায় শিল্প ও কর্মসংস্থানের জোয়ার বইবে: শমীক
    আজকাল | ১৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে নির্বাচনী জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জনসভার মঞ্চ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানান তিনি। একই সঙ্গে শিল্প, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতিও দেন বিজেপির রাজ্য সভাপতি।

    সভায় বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “৪ তারিখে তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে ডিজে বাজবে। এখন ডিজে নেই, পুলিশও নেই, আর সর্বত্র বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসায় আমরা আক্রান্ত হয়েছি। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানোর কথা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর স্বর্গ থেকে আঁতকে উঠেছিলেন।” তাঁর এই মন্তব্য ঘিরে সভামঞ্চে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

    ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে শমীক বলেন, “দেবাংশু পান্ডাকে এক লক্ষেরও বেশি ভোটে জেতান। ফলতা থেকে পরিবর্তনের বার্তা গোটা বাংলায় পৌঁছে যাক।” পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাকে 'পরিযায়ী শ্রমিকের জেলা' হিসেবে পরিচিত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় এসেছে, এবার এই কলঙ্ক দূর করা হবে।"

    শিল্প প্রসঙ্গে শমীক ভট্টাচার্য দাবি করেন, "বাংলায় আবার শিল্পের পরিবেশ তৈরি হবে। ফলতায় যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সেই কারখানাগুলি চালু করার উদ্যোগ নেওয়া হবে। এলাকার যুবকদের কাজের সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, "উড়িষ্যায় যেভাবে শিল্প গড়ে উঠছে, ঠিক তেমনভাবেই বাংলাতেও নতুন শিল্প আসবে এবং যুব সমাজের কর্মসংস্থান হবে।"

    দুর্নীতি ইস্যুতেও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেন, “পঞ্চায়েত স্তর থেকে শুরু করে একেবারে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং জেলে যেতে হবে।” কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “তালিকা এত বড় যে দু'টো জেলাকে জেল হিসেবেই ঘোষণা করে দিতে হবে। না হলে নতুন করে জেলের জন্য সরকারি জমি দিতে হবে।”

    রাজ্যে বর্তমানে সুশাসনের পরিবেশ তৈরি হয়েছে বলেও দাবি করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আগে এই এলাকায় সভা করতে আসতে ভয় লাগত। এখন আর সেই ভয় নেই। মানুষ ভয়মুক্তভাবে বিজেপির সভায় আসছেন এবং পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।”

    এদিনের জনসভাকে ঘিরে এদিন ফলতা এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় চোখে পড়ে। সভা মঞ্চ থেকে বিজেপি নেতৃত্বের বক্তব্যে আসন্ন নির্বাচনে ফলতা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (আজকাল)