প্রায় ১০ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হল কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। গত বছর ২৮ জুলাই স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ার পর যাত্রী নিরাপত্তার কারণে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো চলাচল করছে। রবিবার শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সালের কাজ শুরু হয়।
এর ফলে ওই স্টেশন থেকেই ডাউন লাইনের ট্রেন ঘুরে আপ লাইনে ফিরতে পারবে। এই কাজের জন্য মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। মেট্রো সূত্রে খবর, নতুন কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ আগেই শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নতুন স্টেশনের নির্মাণ শেষ হতে পারে বলে আশা কর্তৃপক্ষের।