আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলা হলে আঘাত লাগতে পারে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে। একটি মামলার রায়ে এই মত দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এরই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, শুধু হিন্দু সম্প্রদায়ের জন্যই নয়, বরং সমগ্র দেশের জন্যই গঙ্গা নদীর তাৎপর্য আছে। কয়েক জন মানুষের কাজে কারণে ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হলে তা একটি বৃহত্তর ঘটনার জন্ম দিতে পারে বলেও জানিয়েছে আদালত।
গত মার্চ মাসে, মাঝ গঙ্গায় নৌকায় বসে চিকেন বিরিয়ানি খেয়েছিলেন কয়েক জন। তার পরে ওই খাবারের উচ্ছিষ্ট নদীতে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনা ঘটে বারাণসীতে (Varanasi)। এই নিয়ে মামলা করেন ভারতীয় জনতা যুব মোর্চার বারাণসীর সভাপতি রজত জয়সোয়াল। তাঁর অভিযোগ, ইফতারের সময়ে গঙ্গা (Ganga) নদীতে বসে ১৪ জন চিকেন বিরিয়ানি (chicken biryani) খাওয়ার পরে তার উচ্ছিষ্ট নদীতে ফেলে দিয়েছিলেন। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয় বলে জানিয়েছিলেন তিনি। ওই অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
এই মামলায় অভিযুক্তদের মধ্যে পাঁচ জনের জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। আদালত জানিয়েছে, এই নিয়ে দুঃখপ্রকাশ করেছে অভিযুক্তদের পরিবার। ওই অভিযুক্তরা নিজেরাও অনুতপ্ত।
শুক্রবার এই জামিন দেওয়া হয়। তবে,জামিন মঞ্জুর করার সময় বিচারপতি রাজীব লোচন শুক্লার পর্যবেক্ষণ, আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলে দেওয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। বারাণসীর ওই ঘটনা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যথার্থভাবেই আঘাত হেনেছে বলেও জানিয়েছে আদালত।
তবে, কী কারণে ওই পাঁচ জনকে জামিন দেওয়া হয়েছে তাও জানিয়েছে আদালত। বিচারপতি রাজীব লোচন শুক্লার বেঞ্চ জানিয়েছে, অভিযুক্ত ও তাদের পরিবারে লোকজন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তাদের এই অনুশোচনা জামিন মঞ্জুরের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে বলেও জানানো হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় ধর্মীয় স্থান অপবিত্র করা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। পরে নৌকার মালিক অভিযোগ করেন যে অভিযুক্তরা জোর করে নৌকাটি তাঁদের কাছ থেকে নিয়ে গিয়েছিল। তবে এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত। নৌকার মালিক কেন এই নিয়ে আগেই অভিযোগ জানাননি তা নিয়েও প্রশ্ন ওঠে।