ফের শিরোপা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই বিভিন্ন দেশের কাছ থেকে সর্বোচ্চ সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ বার তিনি পেলেন সুইডেনের সর্বোচ্চ সম্মান। তাঁকে দেওয়া হয় ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস’ (Royal Order of the Polar Star, Degree Commander Grand Cross)। দ্বিপাক্ষিক সম্পর্কে অসাধারণ অবদান এবং দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। রবিবার এই সম্মান দেওয়া হয় তাঁকে।
এই সম্মান দেশের ১৪০ কোটি মানুষের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অর্ডার অফ দ্য নর্থ স্টার উপাধি শুধু আমার জন্য নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের সকলের জন্য একটি সম্মান।’ এই সঙ্গেই তিনি জানিয়েছেন, যাঁরা ভারত ও সুইডেনের (Sweden) মধ্যে সম্পর্ককে শক্তিশালী করেছেন এই পুরস্কার তাঁদের জন্যও একটি শ্রদ্ধাঞ্জলি। এর ফলে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে বলেও তাঁর আশা।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ দিন প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। প্রধানমন্ত্রী এই সম্মান ভারত ও সুইডেনের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এই পুরস্কারটি কোনও সরকার প্রধানকে প্রদানযোগ্য সর্বোচ্চ সম্মান। এটি মোদীর ৩১তম আন্তর্জাতিক সম্মান। জানা গিয়েছে,১৭৪৮ সালে প্রবর্তন করা হয়েছিল ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’। এর উদ্দেশ্য হলো সুইডেন বা সুইডিশ স্বার্থে ব্যক্তিগত অবদান, বিশেষ করে জনসেবা এবং সফলভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি প্রদান করা।
সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়ার উপস্থিতিতে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ( Ulf Kristersson)-এর সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), জলবায়ু পরিবর্তন এবং আরও অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।