• সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণের দাবি উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নয়াদিল্লি: বাকস্বাধীনতার মাপকাঠিতে বিশ্বে ভারতের স্থান অনেকটাই নীচে। সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় ও সংখ্যালঘুদের অধিকারও ক্রমে ক্ষুণ্ণ হচ্ছে। সম্প্রতি একাধিক বিদেশি সংস্থার সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। শনিবার এনিয়ে সাফ জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ। তিনি জানান, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। মাথায় রাখবেন ভারত একটি বৈচিত্রপূর্ণ গণতান্ত্রিক দেশ। এখানে সকলের বাক স্বাধীনতার বিষয়টি সুনিশ্চিত করা হয়। 

    শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের নেদারল্যান্ডস সফর নিয়ে সাংবাদিক বৈঠক করছিলেন বিদেশ মন্ত্রকের সচিব। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন— ‘আসলে কোথাও একটা বোঝাপড়ার ফাঁক রয়ে গিয়েছে। ১৪০ কোটির দেশ ভারত। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। পাঁচ হাজার বছরের পুরানো সভ্যতার অংশ। ভারতের ধর্ম, সংস্কৃতি, ভাষা সর্বত্র বৈচিত্র্য রয়েছে। হিন্দু, বৌদ্ধ, জৈন সমস্ত ধর্মের মানুষ এখানে শান্তিতে বসবাস করেন। সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ইহুদি, খ্রিস্টান হোক বা মুসলিম সবাই বহুদিন আগে এদেশে এসেছে। ক্রমে বেড়েছে। কিন্তু নিপীড়নের শিকার হয়নি। দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন সংখ্যালঘু জনসংখ্যা ছিল ১১ শতাংশ। এখন তা ২০ শতাংশের বেশি। এখানে সবাই স্বচ্ছন্দে বসবাস করেন।’
  • Link to this news (বর্তমান)