বন্দে ভারত-কাণ্ড থেকে শিক্ষা, সারপ্রাইজ চেকিং বাড়ানোর সিদ্ধান্ত রেলের, ৭০০ টাকার টিকিট ৩৮০ টাকায় বিক্রি!
বর্তমান | ১৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টিকিটের দাম সাড়ে সাতশো টাকা। সেই টিকিট মাত্র ৩৮০ টাকায় করিয়ে দেওয়ার ‘অফার’ দিচ্ছেন টিটিই। বন্দে ভারত এক্সপ্রেসের ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল তুঙ্গে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এব্যাপারে নজরদারিতে আরও জোর দিতে চাইছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, এবার থেকে এবিষয়ে ‘অন বোর্ড’ সারপ্রাইজ চেকিং আরও বাড়ানো করা হবে। ধরা পড়লে সংশ্লিষ্ট রেল কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে মুহূর্তের মধ্যে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।
সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। জনৈক রেল যাত্রীর পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কর্তব্যরত টিটিই একজন যাত্রীকে ৭৫০ টাকার টিকিট ৩৮০ টাকায় করে দেওয়ার ‘অফার’ দিচ্ছেন। এমনকী ‘ডিসকাউন্টে’র কথাও বলছেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। দ্রুত ব্যবস্থাও নেয় রেল। ইতিমধ্যে অভিযুক্ত টিটিইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রেল বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, বন্দে ভারতের মতো একটি হাই প্রোফাইল ট্রেনে যদি এমন কাণ্ড হয়, তাহলে দূরপাল্লার সাধারণ মেল-এক্সপ্রেস ট্রেনগুলির কী অবস্থা, তা সহজেই অনুমান করা যায়। সাধারণ রেল যাত্রীদের একটি বড়ো অংশের অভিযোগ, এমনিতেই ট্রেনে কনফার্মড টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। সম্প্রতি একটি আরটিআইয়ের জবাবে দেখা গিয়েছে, শুধু ২০২৫-২৬ আর্থিক বছরেই সারা দেশে প্রায় সাড়ে তিন কোটি যাত্রীর টিকিট ‘অটো ক্যানসেলড’ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি টিটিইরা প্রভাব খাটিয়ে রীতিমতো ডিসকাউন্ট দিয়ে ট্রেনের টিকিট যাত্রীদের কাছে ‘বিক্রি’ করেন, তাহলে সার্বিক অবস্থা
আরও খারাপ হবে। রেল বোর্ডের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, এব্যাপারে আপাতত জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। রেল যাত্রীদের কাছেও রেল বোর্ড বার্তা দিচ্ছে, এমন কোনো ঘটনা নজরে আসলে অবিলম্বে তা যেন মন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হয়। সেক্ষেত্রে রেলমন্ত্রক দ্রুত পদক্ষেপ করতে পারবে।