কোর্টে জিন্স-টিশার্ট পরে সরকারি আমলা, তীব্র ভর্ৎসনা বিচারকের
বর্তমান | ১৮ মে ২০২৬
রায়পুর: আদালতের নির্দেশে শুনানিতে হাজির হয়েছিলেন। কিন্তু পরনে ছিল জিন্স-টি শার্ট। দেখামাত্র বিরক্ত হন বিচারপতি। আদালত কক্ষেই তীব্র ভর্ৎসনা করেন। সম্প্রতি ছত্তিসগড় হাইকোর্টের ঘটনায় শোরগোল পড়েছে সংশ্লিষ্ট মহলে। ঘটনার কেন্দ্রে রয়েছেন পদস্থ এক সরকারি আধিকারিক। যিনি বর্তমানে ভিলাইতে কর্মরত।
সাধারণত সরকারি কাজের ক্ষেত্রে জিন্স বা টিশার্ট পরার চল নেই। কিন্তু ভিলাইয়ের ওই আধিকারিক সেসব না ভেবে জিন্স পরে আদালতে উপস্থিত হন। তাঁকে ওই পোশাকে দেখা মাত্র তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি। তাঁর পেশাগত শিষ্টাচারের অভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘আপনার কি মনে হয়, যখন যেভাবে খুশি এখানে আসা যায়?’ তিনি উল্লেখ করেন, আইন ব্যবস্থার মর্যাদার জন্য একটি নির্দিষ্ট স্তরের আনুষ্ঠানিক আচরণ ও পোশাকবিধি মানা আবশ্যক। তবে বিরক্তি শুধু পোশাক নিয়ে নয়। সরকারি আমলাকে সরাসরি তাঁর পেশাগত পটভূমি সম্পর্কে প্রশ্ন করেন বিচারপতি। জানতে চান, তিনি সরাসরি নিয়োগপ্রাপ্ত নাকি পদোন্নতি হয়ে উচ্চপদে বসেছেন! আসলে ওই আধিকারিক, প্রশাসনিক নিয়মকানুন কতটা জানেন, আদৌ পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছেন কি না, তা বুঝতে চাইছিলেন বিচারপতি। যা ওই আমলার জন্য আরও লজ্জাজনক পরিস্থিতি তৈরি করে।