• দার্জিলিং চা, মুর্শিদাবাদ সিল্ক, চব্বিশ পরগণার লেদার রপ্তানিতে তৎপরতা
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • সুব্রত ধর, শিলিগুড়ি: রাজ্যে পালাবদল হতেই দার্জিলিং চা, মুর্শিদাবাদ সিল্ক, দক্ষিণ ২৪ পরগণার লেদার রপ্তানিতে উদ্যোগী কেন্দ্র। ইতিমধ্যে সংশ্লিষ্ট তিন জেলার সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছে বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল। এনিয়ে উচ্ছ্বসিত বিভিন্ন মহল। তাদের প্রত্যাশা, কেন্দ্রের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় এলাকায় প্রচুর কর্মসংস্থান হবে। বৈদেশিক মুদ্রার আমদানিও হবে।

    রাজ্যের বিভিন্ন জেলায় নজরকাড়া দ্রব্যসামগ্রী প্রস্তুত হয়। যারমধ্যে বেশ কিছু জিআই স্বীকৃতিও পেয়েছে। সেইসব দ্রব্যসামগ্রী বিদেশের বাজারে জনপ্রিয় করে তোলার দাবি বহুদিনের। রাজ্যে পালাবদল হতেই সংশ্লিষ্ট বিষয়ে তৎপর হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক। গত শুক্রবার মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টর জেনারেল এব্যাপারে ভিডিয়ো কনফারেন্স করে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন। ওই কনফারেন্সে দার্জিলিং জেলা শিল্প উন্নয়ন নিগমের আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসক হাজির ছিলেন।

    প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে বৈদেশিক বাণিজ্যের জন্য দেশের বিভিন্ন রাজ্যের কিছু জেলাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা একটি। এখানকার চা জগৎবিখ্যাত স্বাদ ও গন্ধের জন্য। ২২ বছর আগে এখানকার চা জিআই স্বীকৃতি পেয়েছে। অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের জেরে নেপালের চা বাজার দখল করছে দার্জিলিং চা’র নামে। এই কারবার রোখা, এখানকার চায়ের গুণগত মান আরও বৃদ্ধি করা, এখানে প্যাকেজিং ইউনিট গড়া, সরাসরি বিদেশে রপ্তানি করার বিষয়ে ভিডি কনফারেন্সে আলোচনা হয়েছে।

    দার্জিলিং জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ২০০৪ সালে জিআই স্বীকৃতি পেয়েছে দার্জিলিং চা। আর ২০২৫ সালে জিআই স্বীকৃতি পেয়েছে দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলা। যা পাহাড়ের ‘রানি’ হিসেবে পরিচিত। দার্জিলিংয়ের জেলাশাসক হরিশংকর পানিকার বলেন, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরামর্শ অনুসারে চা ও কমলার গুণগত মান বাড়ানোর উদ্যোগ নিয়েছি। সেগুলিকে বিদেশে রপ্তানি করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরে জেলার আর কোন কোন দ্রব্য বিদেশে রপ্তানি করা যায়, সেই তালিকা প্রস্তুত করছি।

    ওই ভিডিয়ো কনফারেন্সে ‘নবাবি’ জেলা মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগণাকে শামিল করা হয়েছিল। প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদ সিল্ক ঐতিহাসিক। নবাবি আমল থেকে সিল্কের শাড়ি  তৈরি হয়। যা মিহি, হালকা ও উৎকৃষ্ট মানের তুঁত থেকে তৈরি। বিশ্বের বাজারে এই সিল্ক সমাদৃত। আর দক্ষিণ ২৪ পরগণার লেদারের দ্রব্য সামগ্রীর চাহিদাও ব্যাপক। এগুলি বিদেশে রপ্তানি করার বিষয়ে কেন্দ্রীয় সরকার আলোচনা শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, কেন্দ্রীয় উদ্যোগ বাস্তাবায়িত হলে জেলাগুলিতে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। রপ্তানি বাণিজ্যে যেমন গতি আসবে, তেমনি বৈদেশিক মুদ্রাও আমদানি হবে।
  • Link to this news (বর্তমান)