নবদ্বীপ ব্লকে পূর্ত বিভাগের রাস্তা বেহাল, চরম দুর্ভোগে বাসিন্দারা
বর্তমান | ১৮ মে ২০২৬
সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের ফকিরতলা মোড় থেকে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত প্রায় দু’কিলোমিটার রাস্তার বেহাল দশা। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। রাস্তার একাধিক জায়গায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। কোথাও আবার পিচ উঠে খোয়া বেরিয়ে গিয়েছে। ফলে টোটো, অটো ও বাস চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই সমাজকল্যাণ ক্লাবের গলির কাছ থেকে স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন চারমাথার মোড় পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা জলে ডুবে যায়। এতে পথচারী থেকে শুরু করে ছোটো-বড়ো যানবাহনের চালকদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন মানুষ।
জানা গিয়েছে, নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট বাসস্ট্যান্ড থেকে কৃষ্ণনগর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই রাস্তা। প্রতিদিন ভোর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই পথে প্রায় ২০টি বাস এবং দু’শোরও বেশি অটো চলাচল করে। পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত এলাকার বহু টোটোও এই রাস্তা ব্যবহার করে। মাজদিয়া-পানশিলা, চরমাজদিয়া-চরব্রহ্মনগর ও স্বরূপগঞ্জ পঞ্চায়েত এলাকার মানুষ মহেশগঞ্জ বিডিও অফিস, বিভিন্ন স্কুল এবং মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য মূলত এই রাস্তার উপর নির্ভরশীল। রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের নাজেহাল হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নির্মল ভৌমিক বলেন, মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে রাস্তা সারানো হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার ভেঙে যায়। বেশ কিছু জায়গা এতই খারাপ যে সাইকেল নিয়েও যাওয়া যায় না। নবদ্বীপঘাট-কৃষ্ণনগর রুটের বাস কনডাক্টর সঞ্জিত কর জানান, রাস্তা ভাঙাচোরা তো আছেই। তার উপর বৃষ্টি হলেই সমাজকল্যাণ ক্লাবের গলি থেকে স্বরূপগঞ্জ ঘাট বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় বেশ কিছু অংশে জল জমে যায়। তখন বাস যাতায়াতে খুব সমস্যা হয়। এ বিষয়ে বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস বলেন, রাস্তার সমস্যার বিষয়টি পূর্ত বিভাগ ও বিডিওকে জানানো হয়েছে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনও করে গিয়েছেন।
পূর্ত দপ্তরের কৃষ্ণনগর হাইওয়ে সাব ডিভিশন-১ - এর সহ বাস্তুকার সনাতন হালদার জানান, মহেশগঞ্জ থেকে নবদ্বীপ ঘাটের এই রাস্তা আমরা পরিদর্শন করেছি। নিকাশি ব্যবস্থা কীভাবে ঠিক করা যায়, সেই বিষয়ে দ্রুত মেরামতির কাজ শুরু হবে।