• নীল-সাদা অতীত? বঙ্গে এবার সাদা-হলুদ-কালো, পরিবর্তনের পর রং বদলের অপেক্ষায় ফুটপাত, রেলিং, উড়ালপুল
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • রাজু চক্রবর্তী, কলকাতা: রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটে গিয়েছে। এবার পালা রং বদলের! পূর্বতন সরকারের পছন্দের রং ছিল নীল-সাদা। সেই রঙেই সেজে উঠেছিল রাজ্যের অজস্র  ফুটপাত, রেলিং, উড়ালপুল, মায় সরকারি ভবনও। তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই উঠে এসেছে রং বদলের প্রসঙ্গ। ২০১১ সালে বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার কয়েক বছর পর থেকে নীল-সাদাই কার্যত ‘সরকারি রং’ হয়ে উঠেছিল। যদিও বিধি অনুযায়ী বিষয়টি সঠিক নয় বলে মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কারণ, পথ নিরাপত্তার জন্য নির্দিষ্ট রঙের ব্যবহার ও নিয়ম নির্ধারণ করে ভারত সরকারের ‘ইন্ডিয়ান রোড কংগ্রেস’। এই সংস্থার তরফে ‘কোড অব প্র্যাকটিস ফর রোড মার্কিং’ স্পষ্ট করা আছে। সেই মতো গাড়ির চালক থেকে পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য কিংবা জাতীয় সড়কে অভিন্ন রঙে রাস্তা-ব্রিজ-উড়ালপুল রাঙানো হয়। সেই নিয়ম অগ্রাহ্য করেই বাংলাকে মুড়ে দেওয়া হয়েছিল নীল-সাদায়। সূত্রের দাবি, দায়িত্ব গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত সরকারের এসব ‘বেআইনি কর্মকাণ্ড’ বাতিল করতে সচেষ্ট হয়েছেন। সেই সুবাদেই এবার রাজ্যের সর্বত্র নীল-সাদা রং বাতিল হতে চলেছে বলে খবর। ‘ইন্ডিয়ান রোড কংগ্রেস’-এ নির্ধারিত রঙগুলিই এবার শোভা পাবে রাজ্যজুড়ে। সেই বিধি মেনেই সমস্ত রাস্তা, ফুটপাত, ব্রিজ, রেলিং, উড়ালপুলে পড়বে হলুদ-কালো ও সাদা রংয়ের পোঁচ।

    প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘নীল-সাদা’ রং নিয়ে আদালতে মামলা করেন পরিবেশকর্মী মোহিত রায়। এখনও সেই মামলা ঝুলে রয়েছে। আদালত এনিয়ে বিগত সরকারকে ভর্ৎসনা করলেও ‘নীল-সাদা’র আধিপত্য তাতে একটুও কমেনি। সূত্রের দাবি, ওই মামলায় এবার রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে। আগের সরকারের ‘ভুল’ মেনে নিয়ে পথ সুরক্ষায় জোর দিতে ‘বৈধ রং’ ফিরিয়ে আনার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে তারা। রবিবার এ প্রসঙ্গে মোহিতবাবু বলেন, ‘আগের সরকারের আমলে রাস্তায় বেরলেই যেন নীল-সাদা রংয়ের সন্ত্রাস টের পাওয়া যেত। ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা অতিথিরা বাংলাজুড়ে এই আজব রং দেখে বিস্মিত হতেন। তৎকালীন মুখ্যসচিবরা বা পুলিশের শীর্ষকর্তারা সব জেনেও কেন এই বেআইনি কাজ করতেন?’ 

    নবান্নের এক আমলা বলেন, ‘কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক ও ইন্ডিয়ান রোড কংগ্রেসের পরামর্শ মেনে রাজ্যের সর্বত্র নতুন রং হবে। এক্ষেত্রে রাস্তা-ফ্লাইওভারে গাড়ির দৃশ্যমানতার বিষয়টি অগ্রাধিকার পাবে।’ ওই শীর্ষ আধিকারিকের দাবি, এই সূত্রে নবান্নের নীল-সাদা রঙেরও বদল হবে। গঙ্গাপাড়ের এই ১৪তলা বাড়ির আশপাশে একাধিক উড়ালপুল দিয়ে দ্রুতগতির যান চলাচল করে। এক্ষেত্রেও তাই নির্দিষ্ট নিয়ম মেনে রঙের পোঁচ পড়বে নবান্নে।
  • Link to this news (বর্তমান)