• ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার শ্রীরামপুরের কাউন্সিলার, সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া, চুঁচুড়ায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভোট পরবর্তী হিংসা নিয়ে রবিবার সরগরম রইল হুগলি। একদিকে, ভোটের ফল ঘোষণার পর থেকে হুমকি দেওয়া সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের কাউন্সিলার। অন্যদিকে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে এদিন জেলা ঘুরে গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এক আশ্চর্য সমাপতনকে ঘিরে দিনভর রাজনৈতিক মহলে চর্চা হয়েছে।

    শনিবার গভীর রাতে চন্দননগর কমিশনারেটের পুলিশ বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলার রাজু পাড়ুই ওরফে চোন্ডুকে গ্রেপ্তার করে। তৃণমূল কংগ্রেসের রাজু ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এদিনই তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাগরিকদের হুমকি দেওয়া সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছিল। ফল প্রকাশের পরে বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগও দায়ের হয়েছিল রাজুর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শনিবার রাতে স্থানীয় বাঘেরবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজুর গ্রেপ্তারির বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজুর দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অতীতেও একাধিকবার ওই কাউন্সিলারের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ভোটের ফল ঘোষণার পর পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়। তারপরেই পুলিশ পদক্ষেপ করেছে।

    এদিন আদালতে যাওয়ার পথে রাজু বলেন, এটা পরিষ্কার যে, প্রতিহিংসা থেকেই বিজেপি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। রাজ্যে পালাবদলের পর পুলিশ এখন পদ্মপার্টির নেতাদের ইশারায় চলছে। সত্য দ্রুত প্রকাশ্যে আসবে। যদিও বিজেপির বিধায়ক তথা শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ নিরপেক্ষ পদক্ষেপ করছে। প্রসঙ্গত, শ্রীরামপুর মহকুমায় আগেই তৃণমূলের এক কাউন্সিলার গ্রেপ্তার হয়েছিলেন। ভোটের ফল প্রকাশের পর অফিস দখল নিয়ে লড়াইয়ের জেরে শ্রীরামপুরের কাউন্সিলার রাজেশ শা’কে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এখন জেলবন্দি। 

    তাৎপর্যপূর্ণভাবে, এদিন হুগলি জেলার সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া, চুঁচুড়া পরিদর্শনে এসেছিল তৃণমূলের বিশেষ টিম। একাধিক সাংসদ, প্রাক্তন বিধায়কদের নিয়ে গড়া এই টিম ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে এসেছিল। এদিন বাঁশবেড়িয়া থেকে সপ্তগ্রাম— আক্রান্ত কর্মীদের সঙ্গে ওই টিম দেখা করে। বিভিন্ন অফিস থেকে হামলার নথি সংগ্রহ করে। তবে এদিন পরিস্থিতি নিয়ে মন্তব্য করেননি টিমের সদস্যরা। তাঁদের বক্তব্য, পরিস্থিতি ভয়াবহ। বিজেপি পরিকল্পনা করেই রাজনৈতিক হিংসা করছে। বাস্তব তথ্য দলের কাছে তুলে ধরাই আমাদের কাজ।  ধৃত কাউন্সিলার। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)