• দত্তপুকুরে তৃণমূলের অফিস বন্ধ করে আইসিডিএস কেন্দ্র খুলে দিল বিজেপি
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: একটা পরিত্যক্ত, উত্তরাধিকারহীন বাড়ি। এক সময়ে তৃণমূলের অফিস বলে পরিচিত বাড়িটিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করল বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের পূর্বাচল এলাকায় ওই বাড়ির মালিক জয়ন্ত চৌধুরী ছিলেন নিঃসন্তান। তাঁর ও তাঁর স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ওই বাড়িতেই তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে ওঠে। তবে বিষয়টি ঘিরে এলাকায় নানা বিতর্কও তৈরি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, সন্ধ্যার পর ওই অফিসে অসামাজিক কার্যকলাপ চলত। মদের আসর বসত। তাঁদের বক্তব্য, ওই ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে, দীর্ঘদিন ধরে ভবনটি একটি রাজনৈতিক দলের অফিসই ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা বদলে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই দলীয় কার্যালয় বন্ধ করে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে, যাতে স্থানীয় শিশুদের জন্য জায়গাটি ব্যবহার করা যায়। কারণ, এই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছিল পাশের একটি ক্লাবঘরে। ফলে সমস্যাও ছিল। অবশেষে শনিবার নতুন ঘরে শুরু হল আইসিডিএস কেন্দ্র। বিজেপি কর্মী অনিন্দ্য ভদ্র বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরই দলীয় কার্যালয় বন্ধ করেছি। নেতৃত্বের নির্দেশেই ওই জায়গায় এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মিতা পাল বলেন, আগে চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি। এখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র হওয়ায় আমরা খুশি। তবে তৃণমূল সমস্ত অভিযোগই খারিজ করেছে। জেলা তৃণমূল কোর কমিটির সদস্য অরিন্দম মুখোপাধ্যায় বলেন, দলীয় কার্যালয়ে অসামাজিক কাজের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাড়ি মালিকের মৃত্যুর পরই ২০২৩ সালে ওই বাড়ি দলীয় কাজে ব্যবহার শুরু হয়।
  • Link to this news (বর্তমান)