• গোরুর জন্ম শংসাপত্র দেখতে চাইলেন বিজেপি বিধায়ক, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
    বর্তমান | ১৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের গোরু পাচার বিরোধী অভিযান ও ‘জন্ম সার্টিফিকেট’ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। জানা গিয়েছে, শুক্রবার লেবুখালি ও দুলদুলি ফেরিঘাট এলাকায় অবৈধভাবে একটি ট্রাকে করে গোরু পাচার করা হচ্ছে— এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান রেখা পাত্র। তাঁর উপস্থিতিতেই ট্রাকটিকে আটকানো হয়। গোরুগুলিকে ট্রাক থেকে নামিয়ে রাস্তার ধারে গাছের ছায়ায় রাখার নির্দেশ দেন তিনি। ঘটনাস্থলে বিধায়কের উপস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গোরু বোঝাই ট্রাকটিকে নিজেদের হেপাজতে নেয়। তবে, এই ঘটনাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিধায়কের একটি মন্তব্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা পাত্র বলেন, গোরু পরিবহণের ক্ষেত্রে বয়স যাচাইয়ের জন্য ‘জন্ম সার্টিফিকেট’ দেখাতে হবে। ১৪ বছরের নীচে কোনো গোরু বিক্রি করা যাবে না। তাই গোরু পরিবহণের সময় তাদের জন্ম শংসাপত্র দেখাতে হবে। আইন অনুযায়ী বয়স ঠিক আছে কি না, তা যাচাই করেই ব্যবস্থা নিতে হবে। বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, গোরুর ক্ষেত্রে ‘বার্থ সার্টিফিকেট’ চাওয়ার মতো বক্তব্য বাস্তবসম্মত নয়। এই ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শাসক ও বিরোধী দুই শিবিরের তরজা ছাপিয়ে বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ এ নিয়ে শুরু করেন ব্যঙ্গ-বিদ্রুপ ও মিম। এনিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধায়ককে অনুরোধ করছি, তিনি যে কোনো ডবল-ইঞ্জিন রাজ্য থেকে গোরুর একটি জন্ম সনদ নিয়ে আসেন। বিজেপি যদি গোরুর এমন কোনো বার্থ সার্টিফিকেট দেখাতে পারে, তাহলে কে সেই সনদ অনুমোদন করেছেন, তা আমাদের খতিয়ে দেখতে হবে। এনিয়ে রেখা পাত্রকে একাধিকবার ফোন করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। তবে বসিরহাট জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, বিধায়ক কী বলেছেন তা জানি না, খোঁজখবর নিয়ে দেখব। আমরা এলাকায় সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে সুস্থ ও ভালোভাবে বসবাস করব।
  • Link to this news (বর্তমান)