পরাজয়ের রেশ কাটিয়ে ফের সংগঠন সাজানোর উদ্যোগ তৃণমূল কংগ্রেসের
বর্তমান | ১৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে অশোকনগরে শুরু হল তৃণমূলের নতুন সাংগঠনিক তৎপরতা। শনিবার অশোকনগরের দুটি পঞ্চায়েত এলাকায় কর্মীদের নিয়ে বৈঠক করলেন পরাজিত প্রার্থী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং পরাজিত প্রার্থীদের নিয়ে বিস্তারিত বৈঠক করেন নেত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দেন, সংগঠনের দুর্বল অংশ দ্রুত চিহ্নিত করে তা শক্তিশালী করতে হবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে দিয়ে সাংগঠনিক কার্যকলাপ বৃদ্ধি করার নির্দেশও দেন তিনি।
সেই নির্দেশ মেনেই অশোকনগরে সক্রিয় হয়েছেন নারায়ণ গোস্বামী। তিনি স্থানীয় কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। শ্রীকৃষ্ণপুর অঞ্চলে কর্মী বৈঠকে তিনি সংগঠন পুনর্গঠনের রূপরেখা দেন। বুথভিত্তিক সংগঠনকে নতুন করে সাজানো, প্রতিটি বুথে নিয়মিত কর্মী যোগাযোগ বাড়ানো এবং নিষ্ক্রিয় কর্মীদের দ্রুত সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। অন্যদিকে, ভুরকুন্ডা অঞ্চলেও একাধিক পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা সামনে আসে। সেই ঘটনার পর স্থানীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত অফিসগুলি পরিদর্শন করে দ্রুত মেরামত ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
দলের অভ্যন্তরীণ মহলের মতে, এমন পরিস্থিতিতে সংগঠনকে ধরে রাখা এবং কর্মীদের মনোবল ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এনিয়ে নারায়ণ গোস্বামী বলেন, নির্বাচনের ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে। দলনেত্রীর নির্দেশই আমাদের পথ দেখাচ্ছে। প্রসঙ্গত, ছাব্বিশের অশোকনগর বিধানসভায় তৃণমূলের জন্য ছিল নিরাপদ আসন। কিন্তু গেরুয়া সুনামিতে এই বিধানসভায় পদ্মফুল ফুটেছে। তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীকে হারিয়ে বিধায়ক হয়েছেন ডাঃ সুময় হীরা।