• Breaking News Live: মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু
    এই সময় | ১৮ মে ২০২৬
  • সোমবার সকালে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর  ‘জনতার দরবার’। জনসাধারণের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। তাঁঁর সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

    সোমবার নবান্নে রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠক। সেই বৈঠকে সরকারি কর্মীদের বেতন সংশোধন থেকে বকেয়া ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ক্যাবিনেট, সে দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। প্রশাসনিক সংস্কারের পাশাপাশি দুর্নীতি ইস্যুতেও করা হতে পারে আরও বেশ কিছু করা পদক্ষেপ। বেলা এগারোটার পরে বৈঠক শুরু হবে বলে সূত্রের খবর।

    সোমবার সকালে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে হবে  ‘জনতার দরবার’। সাধারণ মানুষের সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯টা নাগাদ এই কার্যক্রম শুরু হওয়ার কথা।

    বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে (৮,৮৪৯ মিটার) ৩২ বার উঠে রেকর্ড গড়লেন নেপালের কামিরীতা শেরপা। ৫৬ বছর বয়সি কামিরীতা নেপালের সময় রবিবার সকাল ১০টা ১২ মিনিটে এভারেস্টের শীর্ষে ওঠেন বলে সেখানকার পর্যটন দপ্তর সূত্রে খবর। তেনজিং নোরগে যে গ্রামে জন্মেছিলেন, নেপালের সোলুকুম্ভু জেলার সেই থামে গ্রামে জন্মেছেন কামিরীতা। তেনজিং ও নরওয়ের পর্বতারোহী স্যর এডমান্ড হিলারি ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। সূত্রের খবর, কামিরীতা প্রথম মাউন্ট এভারেস্টে ওঠেন ১৯৯৪ সালে। বিভিন্ন কারণে ২০১৪, ২০১৫ এবং ২০২০ সালে এভারেস্ট অভিযান বন্ধ রাখা হয়েছিল। তা ছাড়া প্রায় প্রতি বছরই কোনও না কোনও দলের সঙ্গী ছিলেন কামিরীতা। কোনও কোনও বছর দু'বারও সর্বোচ্চ শৃঙ্গে চড়েছেন তিনি।

    কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে আজ, সোমবার শপথ নেবেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। তাঁর সঙ্গে শপথ নেবেন United Democratic Front (UDF)-এর ২০ জন মন্ত্রীও। তিরুবন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে বেলা ১০টা শপথ গ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, তালিকায় এমন অনেকে রয়েছেন, যাঁরা মন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেবেন। তার মধ্যে UDF জোটের বিধায়কদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, তফশিলি জাতি ও মহিলারাও রয়েছেন।

    দক্ষিণবঙ্গে আজ সোমবার এবং কাল মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।

    বিহারের রোহতাস জেলায় সাসারাম জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরায় সোমবার সকালে আচমকাই আগুন ধরে যায়। রেল সূত্রে খবর, আগুনে একটি বগি ভস্মীভূত হয়েছে। অন্য একটি বগিরও ক্ষতি হয়েছে।

  • Link to this news (এই সময়)