• যুবভারতীর ‘বিদঘুটে’ মূর্তি ভাঙার হুঁশিয়ারি মন্ত্রীর
    আজকাল | ১৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রধান ফটকের সামনে থাকা সেই বহু বিতর্কিত ‘অদ্ভুত’ মূর্তি এবার ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের সময়ে যুবভারতী স্টেডিয়াম ঢেলে সাজানোর পাশাপাশি এই মূর্তিটি তৈরি করা হয়েছিল, যার নকশা স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছিলেন। পা থেকে কোমর পর্যন্ত এবং তার ওপর ‘বিশ্ববাংলা’ লোগো বসানো এই কাটামুণ্ডু মূর্তির যৌক্তিকতা নিয়ে শুরু থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছিল। রবিবার সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাইভোল্টেজ ডার্বি ম্যাচ দেখতে এসে নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট জানিয়ে দিলেন, খেলার মাঠ থেকে রাজনীতির এই সব প্রতীক এবার উপড়ে ফেলা হবে এবং ওই জায়গায় কোনও  কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হবে।

    রবিবার ডার্বি ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তনের বার্তা দেন। তিনি কড়া ভাষায় বলেন যে, খেলাধূলার বিষয়ে কোনও  রকম রাজনীতি বরদাস্ত করা হবে না এবং মাঠের পাশাপাশি সমস্ত ক্রীড়া ফেডারেশনগুলোকেও নেপোটিজম বা পরিবারবাদ মুক্ত করাই তাঁদের মূল লক্ষ্য। স্টেডিয়ামের বাইরের ওই কাঠামোটিকে ‘বিদঘুটে’ বলে কটাক্ষ করে মন্ত্রী রসিকতার সুরে মন্তব্য করেন, একটা কাটা পায়ের ওপর ফুটবল বসানো এই অদ্ভুত মূর্তি লাগানোর পর থেকেই আসলে আগের সরকারের খারাপ দিন শুরু হয়ে গিয়েছিল। যে মূর্তির কোনও  অর্থ নেই, তা দ্রুত সরিয়ে সেখানে বাংলার বা দেশের কোনও  বিখ্যাত ফুটবলারের মূর্তি গড়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

    এই মূর্তি বিতর্কের পাশাপাশি বহুচর্চিত ‘মেসি কাণ্ড’ নিয়েও আগের সরকারকে একহাত নেন ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, ভোটের আগে লিয়োনেল মেসিকে এনে প্রচারের ঝান্ডা ধরানোর যে চেষ্টা হয়েছিল এবং তার নামে টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তার হিসেব নেওয়া হবে। যে সমস্ত ফুটবলপ্রেমী চড়া দামে টিকিট কেটেও শেষ পর্যন্ত মেসিকে মাঠে দেখতে পাননি, তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য তদন্তকারী সংস্থা বা এজেন্সিগুলোকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের টাকা দ্রুত ফেরত না দেওয়া হলে নতুন সরকার যে কঠোর আইনি পদক্ষেপ করতে চলেছে, সেই হুঁশিয়ারিও এ দিন ডার্বির মঞ্চ থেকে দিয়ে রাখলেন ক্রীড়ামন্ত্রী।
  • Link to this news (আজকাল)