বাড়তি সিকিউরিটি কমল অরূপ-ববি-কুণালের, তালিকায় আর কোন কোন হেভিওয়েট?
আজ তক | ১৮ মে ২০২৬
রাজ্য সরকারের তরফে আরও এক দফা নিরাপত্তা ব্যবস্থা কমানো হল একাধিক রাজনৈতিক নেতার। এই তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা এবং অন্যান্য বিশিষ্ট জনও। তাঁদের সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা পুনর্মূল্যায়ণ করা হয়েছে। এরপরই একাধিক ব্যক্তির বাড়ির সামনে থেকে নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েনও কমানো হয়েছে বলে রবিবার প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সাম্প্রতিক এই নিরাপত্তা পুনর্বিন্যাসের পদক্ষেপটি শুরু হয়েছে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই। বেশ কিছু হাইপ্রোফাইল ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে। যেই তালিকায় ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সম্প্রতি জারি হওয়া এক সরকারি নির্দেশিকা অনুযায়ী, নতুন করে সুরক্ষা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিচার করে আরও একাধিক VIP-র নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ণ ও সংশোধন হয়েছে।
যাঁদের নিরাপত্তা কমানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ও রাজ্য পুলিশের প্রাক্তন DG রাজীব কুমার, অবসরপ্রাপ্ত DGP মনোজ মালব্য এবং প্রাক্তন ভারপ্রাপ্ত DGP পীযূষ পাণ্ডে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, উল্লিখিত ব্যক্তিদের বাড়ির বাইরে মোতায়েন থাকা পুলিশ হাউস গার্ড তুলে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পর্যালোচনায় দেখা গিয়েছে, তালিকাভুক্ত কয়েকজনের আর অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই এবং তাঁরা তাঁদের বর্তমানে সাংবিধানিক বা সরকারি পদমর্যাদা অনুযায়ী, যে নিরাপত্তা প্রাপ্য সেটুকুই পাবেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার দু'জনেই সাংসদ হওয়ায় তাঁদের প্রাপ্য নিরাপত্তা পাবেন বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
অরূপ বিশ্বাস আগে রাজ্যের মন্ত্রী হিসেবে নিরাপত্তা পেতেন। বর্তমানে মন্ত্রী বা বিধায়ক কোনওটাই নয়, ফলে সেই স্তরের নিরাপত্তা তাঁর আর থাকবে না।
কুণাল ঘোষ সারদা মামলায় জামিনের পর নিজের উপর হামলার আশঙ্কা প্রকাশ করায় তাঁকে আদালতের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। এখন বিধায়ক হিসেবে প্রাপ্য নিরাপত্তাটুকুই পাবেন বলে জানা গিয়েছে।
একই ভাবে আগের সরকারের সময়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের হয়ে একাধিক মামলায় লড়াই করা এক আইনজীবীকেও দেওয়া অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সেই নিরাপত্তা চালিয়ে যাওয়ার আর কোনও যুক্তি খুঁজে পাওয়া যায়নি।
প্রশাসনিক কর্তারা জানিয়েছে, পীযূষ পাণ্ডে আগে ভারপ্রাপ্ত DGP হিসেবে নিরাপত্তা পেতেন। এখন তাঁর বর্তমান পদমর্যাদা অনুযায়ী নিরাপত্তা পাবেন।
এই পদক্ষেপের আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যাতে বলা হয়েছিল, প্রকৃত প্রয়োজনের বেশি কাউকে নিরাপত্তা দেওয়া যাবে না। ক্ষমতায় আসার পরপরই BJP সরকার VIP নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা শুরু করে এবং প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানো হয়। তাঁর Z+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করার পাশাপাশি বিশেষ পাইলট গাড়ির ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়। এর আগে কালীঘাটের বাসভবন এবং ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে মোতায়েন থাকা পুলিশও তুলে নেওয়া হয়েছিল।
তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোওন আপস করা হবে না। সূত্রের খবর, কলকাতা পুলিশকে তাঁর বাসভবন, যাতায়াত ও জনসভা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁর নিরাপত্তায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে।