• সীমান্তে কাঁটাতার বসাতে শুরু জমি অধিগ্রহণ, ৪৫ দিনের সময়সীমা শুভেন্দুর
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৬
  • বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, জাল নোট, মাদক ও অস্ত্র পাচার রুখতে কাঁটাতারের বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্ত সুরক্ষার কাজ দ্রুত শেষ করতে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পরেই মালদহ জেলায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে জোরকদমে। প্রশাসনের লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া। দীর্ঘদিন ধরেই মালদহ জেলার বিস্তীর্ণ অংশ অরক্ষিত সীমান্ত হিসেবে পরিচিত। অনুপ্রবেশের পাশাপাশি জাল নোট, গবাদি পশু পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ বারবার উঠেছে এই সীমান্ত ঘিরে।

    রাজ্যে মোট প্রায় ৫৬৯ কিলোমিটার অরক্ষিত বাংলাদেশ সীমান্ত থাকলেও মালদহের ৩৩ কিলোমিটার এলাকাকে সবচেয়ে স্পর্শকাতর বলে মনে করা হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলাশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর থেকেই হবিবপুর-সহ সীমান্তবর্তী এলাকায় জমি জরিপ ও সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে।

    মালদহ জেলায় সীমান্ত বেড়া নির্মাণের জন্য প্রায় ২৬০ একর জমির প্রয়োজন। গত বছর জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ হলেও এখনও পর্যন্ত মাত্র ১০ একর জমি অধিগৃহীত হয়েছে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাকি জমি সংগ্রহ করতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে।

    জেলার সাতটি বিশেষ দল কাজ করছে। হবিবপুর ব্লকেই সবচেয়ে বেশি অরক্ষিত সীমান্ত থাকায় সেখানে একাধিক দল মাঠে নেমেছে। সীমান্তবর্তী ভবানীপুর, আগ্রা ও হরিশ্চন্দ্রপুর এলাকায় চলছে মাপজোকের কাজ। প্রশাসনের দাবি, সীমান্ত এলাকার বাসিন্দারাও জমি দিতে আগ্রহ দেখাচ্ছেন। তাঁদের মতে, কাঁটাতারের বেড়া তৈরি হলে অনুপ্রবেশ ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য কমবে। রাতের অশান্তি ও ভয় থেকেও মুক্তি মিলবে।

    স্থানীয় কৃষকদের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জমিতে চাষ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হত। ফসল নষ্ট, গবাদি পশু পাচার এবং দুষ্কৃতীদের হামলার ঘটনাও ঘটেছে বহুবার। তাই দেশের নিরাপত্তার স্বার্থে জমি দিতে আপত্তি নেই তাঁদের। প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই জমি হস্তান্তরের কাজ শেষ করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)