পালাবদল হতেই জালিয়াতির পর্দাফাঁস! কোচবিহার, দুর্গাপুরে দুর্নীতি কাণ্ডে ধৃত ২ তৃণমূল নেতা
প্রতিদিন | ১৮ মে ২০২৬
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে লাগামহীন দুর্নীতি! এবার রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ‘কোনও অপকর্ম বরদাস্ত নয়’। তারপর থেকেই জেলায় জেলায় পুলিশের অ্যাকশন চলছে। তৃণমূলের শাসনকালে যাঁরা যাঁরা দুর্নীতির ডালপালা বিছিয়েছিল, এবার একে একে সেই মাথারা পুলিশের জালে উঠতে শুরু করেছেন।
দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার উদয়নঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। রবিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঠিক তার আগের দিনই উদয়নঘনিষ্ঠ দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রবিবার মৌমিতাকে তিনদিনের পুলিশ হেফাজত হয়। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের খোঁজেও চলছিল পুলিশি তল্লাশি। রবিবার রাতে নিজেই আত্মসমর্পণ করেন গৌরিশংকর মাহেশ্বরী। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতিও। বিজেপি কর্মীদের হুমকি ও সাধারণ মানুষকে উস্কানির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, দিনের পর দিন ভয় দেখিয়ে তোলাবাজি চালিয়ে গিয়েছেন ওই নেতা। রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন জেলায় একের পর এক অভিযানে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। ঠিক তেমনই দুর্গাপুরেও চলে পুলিশের অভিযান। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে অভিযান চালিয়ে শতদ্বীপ ঘটককে গ্রেপ্তার করে ফরিদপুর থানার পুলিশ। তাঁকে নিয়ে পুলিশ আদালতে পৌঁছতেই ওঠে ‘চোর চোর’ স্লোগান।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আসানসোলেও গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা রাজু আহোওয়ালিয়া। তোলাবাজি সহ একাধিক মামলাতে রাজুকে গ্রেফতার করে দক্ষিণ থানার পুলিশ। ধৃত মলয় ঘটক ঘনিষ্ঠ আইএনটিটিইউসি নেতা। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভুঁইয়া পুলিশের জালে। দাসপুরের প্রাক্তন বিধায়ক মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ। তোলাবাজি ও গুন্ডামির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।