• জৈষ্ঠ্যের শুরুতেই নাজেহাল অবস্থা, কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা! ভাসবে উত্তরের জেলা
    প্রতিদিন | ১৮ মে ২০২৬
  • মেঘলা আকাশ। সন্ধে নামলেই মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার জেরে মে মাসের প্রথম দু’সপ্তাহে তাপমাত্রা ঘোরাফেরা করেছে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচেই। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বৈশাখের দাবদাহ থেকে স্বস্তি পেলেও জৈষ্ঠ্য মাস পড়তে না পড়তেই ইনিংস দেখাতে শুরু করেছে তীব্র গরম। বৃষ্টি প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিস সূত্রে খবর, এ সপ্তাহে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। আপাতত ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তিলোত্তমার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলায় ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা হয়ে যাবে এই সপ্তাহে।

    কলকাতায় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনায় আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    অন্যদিকে উত্তরের জেলাগুলিতে সম্পূর্ণ বৈপরীত্য আবহাওয়া। দক্ষিণে যখন গুমোট গরমে নাজেহাল অবস্থা। উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। সোম ও মঙ্গলার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার আরও একটা স্পেল ভারী বৃষ্টির। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিন। বাকি উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)