হাওড়া ব্রিজের পিলারে সজোরে ধাক্কা সরকারি বাসের! আহত ১৩
বর্তমান | ১৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল হাওড়া থেকে কলকাতাগামী একটি বাস। সোমবার সকালে হাওড়া-কামালগাছি রুটের একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ব্রিজের ৩৭ নম্বর পিলারে। দুর্ঘটনার অভিঘাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় পিলারটি। আহত হন ১৩ জন যাত্রী। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় হাওড়া ও কলকাতা পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে এবং চিকিত্সার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। দুর্ঘটনার জেরে কিছু সময় যানচলাচল ব্যাহত হলেও পরে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে হাওড়া-কামালগাছি রুটের বাসটি দ্রুতগতিতে চলছিল। হঠাত্ বাসটি ব্রিজের ৩৭ নম্বর পিলারের কাছে পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা ও হাওড়া পুলিশ। ঘটনার পর অভিযুক্ত বাসচালককে পুলিশ আটক করেছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।