আজকাল ওয়েবডেস্ক: কাটমানি আদায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগে বর্ধমান পুরসভার কাউন্সিলর সাহাবুদ্দিন খান ও সাগর রাউত নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের দু'জনকেই বর্ধমান আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতে নিতে চাওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে শহরে রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। সাহাবুদ্দিন খান এ ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন।
বর্ধমান শহরে তোলাবাজি, জমি দখল,কাটমানির অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে রাজ্যেপাটে পরিবর্তন হওয়ার পর একজন কাউন্সিলর পুলিশেত জালে।
জানা গিয়েছে, বর্ধমান শহরের শাহচেতন এলাকার শেখ রতন নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার ওই দাপুটে কাউন্সিলর। জানা গিয়েছে, গলায় ছুরি ধরে তিন কাটা জমি কেড়ে নেবার অভিযোগ এনেছেন রতন। এছাড়া আরও ১৩ কাটা জমি জোর করে লিখিয়ে নেবার অভিযোগও রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর, নিজের জমি ব্যবহার করার জন্য ১০ লাখ টাকা কাটমানিও নাকি দিতে হয় অভিযোগকারীকে। সাহাবুদ্দিনের বিরুদ্ধে পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগও আছে। এই দু'জনের সঙ্গে আরও কয়েকজন অভিযুক্ত আছেন। পুলিশ তাদের খোঁজ করছে।
যদিও অভিযুক্ত কাউন্সিলর সাহাবুদ্দিন জানান, এই অভিযোগ পুরো মিথ্যা। তাঁর এলাকায় গেলে এটা জানা যাবে। ওই ব্যক্তির এই অভিযোগ করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কারণ রয়েছে। তিনি জানান, থানার আইসি তাঁকে দেখা করতে ডাকেন। সেসময় তাঁকে হেফাজতে নেওয়া হয়।
প্রসঙ্গত, এই কাউন্সিলর সাহাবুদ্দিন প্রাক্তন বিধায়ক খোকন দাসে অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।