আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে বরখাস্ত নির্মল মাজি। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের মনোনীত প্রতিনিধি ছিলেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজি। তাঁর বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকার।
প্রাক্তন শাসক দলের এই চিকিৎসক নেতা সদ্য শেষ হওয়া বাংলার বিধানসভা ভোটে হুগলি জেলার গোঘাট কেন্দ্র থেকে জোড়া-ফুলের প্রার্থী ছিলেন। কিন্তু, বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
গত কয়েক বছরের নির্মল মাজিকে ঘিরে একাধিক বিতর্ক হয়েছে। চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়ছিলেন তিনি। নির্মলবাবু কলেজে প্রবেশ করার পরই ছাত্রদের একাংশ তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’, ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। ফলে বক্তব্য অসম্পূর্ণ রেখেই কলেজের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন এই বিধায়ক।
চার বছর আগে নিম্রলের ‘মা সারদাই মমতা’ বলে মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক হয়। তিনি বলেছিলেন, "সংখ্যাতত্ত্বের হিসাব সারদা মায়ের মৃত্যু ও মমতার জন্মের সময়কাল সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। মমতাই মা সারদা, তিনিই ফোলেন্স নাইট্যাঙ্গেল, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই দুর্গা। অষ্টমী-নবমীর সন্ধিক্ষণে যাঁর জন্ম হয় তিনিই যুগেযুগে তিনিই কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে-যুগে, দেশে-দেশে, কালে-কালে।"
তারও আগে ২০১৫ সালে এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে 'প্রভাবশালী'র কুকুরের ডায়ালিসিসের অনুমতি-বিতর্কে নাম জড়িয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা তথা প্রাক্তন মন্ত্রী নির্মল মাজির। তবে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতির এক আত্মীয়ের কুকুরের জন্য হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। হাসপাতালের তৎকালীন অধিকর্তা ড. প্রদীপ মিত্র অনুমতিও দিয়েছিলেন। সেই মতো বিভাগীয় প্রধান রাজেন্দ্র পাণ্ডেও বিভাগের চিকিৎসকদের নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ডায়ালিসিস ওয়ার্ডের ভিজিটিং চিকিৎসকের নোটে কুকুরের ডায়ালিসিস আটকেছিল।