• ইডি দপ্তরে হাজিরা প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের
    আজকাল | ১৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই দুর্নীতি মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন ও বিস্ফোরক তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই আজ আবার পাঁচু রায়কে তলব করা হয়েছে।

    তদন্তকারীরা জানাচ্ছেন, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে যখন এই পুর নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই সময় দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্বে ছিলেন পাঁচু রায়। এর আগেও তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে এবার সুজিত বসুর বয়ানের সূত্র ধরে তাঁকে আরও বিশদে জেরা করতে চান আধিকারিকরা।

    ইডির অন্দরের খবর, সোমবার প্রথমেই পাঁচু রায়কে এককভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাঁর বয়ান রেকর্ড করার পর, তা সুজিত বসুর দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। দুই বয়ানে কোনও রকমের অসঙ্গতি বা ধোঁয়াশা ধরা পড়লে, আজই দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার জোরালো সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই পুর দুর্নীতি মামলায় ইডির এই জোড়া ফলায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

    বিভিন্ন পুরসভায় একাধিক ক্ষেত্রে বিপুল সংখ্যায় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরেই। সেই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে জোরকদমে। যে সময়ের অভিযোগ, অর্থাৎ ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু। সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিতকে জিজ্ঞাসা করে নতুন তথ্য পাওয়ার পরেই আজকে আবারও তলব করা হয়েছে পাঁচুকে।
  • Link to this news (আজকাল)