আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকাল ছ'টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল হাওড়া ব্রিজের উপর। সপ্তাহের প্রথম দিন এমনিতেই কর্মক্ষেত্রের যাতায়াতের চাপ থাকে। হাওড়া হয়ে শহরে প্রবেশের ব্যস্ততা থাকে মানুষের। সেই ব্যস্ততা শুরু হওয়ার মুহূর্তেই ঘটে গেল এই ঘটনা। এদিন ভোরবেলা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের এক ধারে। ঘটনায় মোট ১৩ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে খবর। এখনও কোনও যাত্রীর মৃত্যুর খবর মেলেনি। ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, বাসটি ছিল কলকাতাগামী। কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে একেবারে ব্রিজের শেষের দিকে এসে গাড়িটি এসে ধাক্কা মারে সেতুর একটি পিলারে। পুলিশ জানিয়েছে, সেতুর ৩৮ নম্বরে পিলারে এটি ধাক্কা মারে। ঘটনার পরেই এলাকায় পৌঁছে যায় পুলিশ, স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঘটনার ভিড়ে ঠাসা বাসের মোট ১৩ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও, সোমবার সকালেই হাওড়ার মতো ব্যস্ত রাস্তায় এমন ঘটনা ঘটে যাওয়া প্রাথমিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।