নারী নির্যাতনের তদন্তে কমিশন গড়লেন শুভেন্দু, ফিরলেন সেই IPS দময়ন্তী সেনও
আজ তক | ১৮ মে ২০২৬
মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিশন গঠন করল রাজ্য সরকার। কমিশনের মেম্বার সেক্রেটারি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে (Damayanti Sen)। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, এসসি, এসটি এবং সংখ্যালঘু মহিলাদের উপর গত কয়েক বছরে ঘটে যাওয়া অপরাধের তদন্তেই এই কমিশন কাজ করবে। আগামী ১ জুন থেকে কমিশন পূর্ণমাত্রায় কাজ শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।
শুভেন্দু বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ীই এই কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে (Samapti Chatterjee)। আর সরকারের তরফে সমস্ত সমন্বয়ের দায়িত্ব সামলাবেন দুই মেম্বার সেক্রেটারিরা।
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, 'গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর, বিশেষত এসসি, এসটি ও সংখ্যালঘু মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে, সেই সব অপরাধের তদন্তের জন্যই এই কমিশন তৈরি করা হল।'
কমিশনের তরফে অভিযোগ জানানোর জন্য আলাদা পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেল পরিষেবা চালু করা হবে। শুধু নতুন অভিযোগ নয়, অতীতে পড়ে থাকা বিভিন্ন অভিযোগও খতিয়ে দেখা হবে। এসসি কমিশন, ওবিসি কমিশন, সংখ্যালঘু কমিশন এবং নারী ও শিশু কমিশনের সুপারিশগুলিও প্রাথমিক ভাবে বিবেচনা করবে এই কমিশন। এমনটাই জানান শুভেন্দু।
মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের সদস্যরা বিভিন্ন জেলা ও থানায় গিয়ে স্পট ভিজিট করবেন। অভিযোগকারীদের বয়ান রেকর্ড করা হবে। প্রয়োজনে থানা স্তরে জনশুনানির ব্যবস্থাও করা হবে। কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে আলোচনা করেই তদন্তের রূপরেখা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।
তবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সব মামলার তদন্ত/বিচার করছে, সেগুলি এই কমিশনের আওতার বাইরে থাকবে। বাকি সমস্ত অভিযোগই কমিশন খতিয়ে দেখবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে পুরনো ফাইল পুনরায় খোলা, চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশও করা হতে পারে।
মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। আপাতত কমিশনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হচ্ছে। আগামী ১ জুন থেকে কমিশন অফিসিয়ালি কাজ শুরু করবে।