• ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আগামী ৭ দিন কোন জেলায় কেমন আবহাওয়া? জানাল হাওয়া অফিস
    আজ তক | ১৮ মে ২০২৬
  • গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গবাসী। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তামাত্রা ৩৫ ডিগ্রির উপরে।  বৃষ্টির অপেক্ষায় রয়েছেন মানুষ। তবে হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ মেঘলা থাকায় বাড়বে অস্বস্তিকর গরম।আপাতত গরম কমার সম্ভাবনা নেই। আগামী সাত দিন তাপমাত্রার তেমন বড় হেরফের হবে না। অন্যদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    হাওয়া অফিসের পূর্বাভাস
    আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বিহারের ওপর প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়বে। তবে দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকার গরম বাড়বে। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হতে পারে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। অন্যদিকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি। তাপমাত্রা বাড়লেও আগামী দু-দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

    ভারী বৃষ্টির সম্ভাবনা  উত্তরবঙ্গে
    দক্ষিণবঙ্গের ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।  সোমবার ও  মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, আগামী ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। এরপর ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কলকাতার আবহাওয়া
    সোমবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। সঙ্গে অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর জানিয়েছে, আকাশ মেঘলা থাকবে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের সমান।  তাপমাত্রা বাড়লেও আগামী দু-দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

    বাংলায় বর্ষা আসছে কবে?
    আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৬ মে থেকেই দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং সম্পূর্ণ নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। সাধারণত ২০ মে-র আশপাশে আন্দামানে বর্ষা পৌঁছয়। কিন্তু এ বছর তা চার দিন আগেই প্রবেশ করেছে। বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় মৌসুমি বায়ুর অগ্রগতি দ্রুত হয়েছে। এর ফলে কেরলেও আগেভাগে বর্ষা পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। আবহাওয়া দফতরের অনুমান, ২৬ মে-র মধ্যেই কেরলে বর্ষা ঢুকে পড়তে পারে। সাধারণত ১ জুন কেরলে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। অর্থাৎ, এ বছর প্রায় এক সপ্তাহ আগেই বর্ষা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কেরলে বর্ষা দ্রুত ঢুকলে তার প্রভাব পূর্ব ভারতেও পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সাধারণত দক্ষিণবঙ্গে জুনের দ্বিতীয় সপ্তাহে বর্ষা প্রবেশ করে। তবে অনুকূল পরিস্থিতি বজায় থাকলে এ বছর বাংলাতেও বর্ষা কিছুটা আগেই পৌঁছতে পারে।
  • Link to this news (আজ তক)