অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম থেকে সপ্তম পে কমিশন, শুভেন্দু ক্যাবিনেট মিটিংয়ে ৫ বড় সিদ্ধান্ত, একনজরে
আজ তক | ১৮ মে ২০২৬
সরকারে এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে একেবারে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে সপ্তম বেতন কমিশন, ধর্মীয় ভাতা বন্ধ সহ একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হল বিজেপি সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে। আজ অর্থাত্ সোমবার নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হল।
ভোটের আগে সঙ্কল্প পত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে। বাস্তবে মাত্র ৯ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন ঘোষণা করল রাজ্য সরকার। একই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় সংশয়ও দূর করা হল মন্ত্রিসভার বৈঠকে। একনজরে দেখে নেওয়া যাক, আজ মন্ত্রিসভার বৈঠকে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হল।
অন্নপূর্ণা ভাণ্ডার চালু ১ জুন থেকেই
১. অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা অনুমোদন দেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে। এই যোজনায় মহিলারা প্রতিমাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। সরাসরি ওই টাকা ব্যাঙ্কে ঢুকবে। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ১ জুন থেকে। কিন্তু SIR-এ যে ৯১ লক্ষ নাম বাদ গিয়েছে, সেই তালিকায় থাকা মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তবে ট্রাইবুনালে রয়েছে, এমন কেস অথবা সিএএ-র জন্য আবেদন করেছেন, সেই সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।
সরকারি বাস মহিলাদের জন্য FREE
২. মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফরের প্রতিশ্রুতিও বাস্তব করা হল এদিনের মন্ত্রিসভার বৈঠকে। অগ্নিমিত্রা জানালেন, সব সরকারি বাসেই (দূরপাল্লারও) পশ্চিমবঙ্গের মহিলারা ফ্রি-তে যাতায়াত করতে পারবেন। পয়লা জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা
৩. এদিন সপ্তম বেতন কমিশন গঠনেরও ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাইনে পান। কেন্দ্রে যেখানে অষ্টম বেতন কমিশন গঠন করা হয়ে গিয়েছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলেই সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে। আজ সেই প্রতিশ্রুতি পালন করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার।
ধর্মীয় আর্থিক ভাতা বন্ধ
৪. সব ধর্মীয় ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। যার নির্যাস, মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য, ইমাম ভাতা, পুরোহিত ভাতা সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের ধর্মীয় ভাতা বন্ধ করার কথা ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল।
ধর্মীয় প্রকল্পের কাজ বন্ধ
৫. ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্দির গড়ার কথা ঘোষণা করেছিলেন। তার মধ্যে নিউটাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসও করেছিলেন মমতা। রাজ্যে পালাবদলের পরেই সেই কাজ বন্ধ করে দেওয়া হল। আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ধর্মীয় প্রকল্প চলতি মাসের শেষ পর্যন্ত চলবে। আগামী মাস থেকে কাজ বন্ধ হয়ে যাবে।