• অবশেষে ED অফিসে সোনা পাপ্পু, বলছেন, 'দেখা করতে এসেছি,' সারেন্ডার করছেন?
    আজ তক | ১৮ মে ২০২৬
  • অবশেষে প্রকাশ্যে এলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। সোমবার সকালে তিনি ED-র অফিসে CGO কমপ্লেক্সে পৌঁছলেন। তবে কি অত্মসমর্পণ করতে এসেছেন তিনি? সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে জবাবে শাসক ঘনিষ্ঠ সোনা পাপ্পু বলেন, 'সারেন্ডার করতে আসিনি। আমায় ডেকেছিল ED তাই দেখা করতে এসেছি।' তাঁর বিরুদ্ধে তোলবাজির অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করা হতে পারে কি? এ প্রশ্নের উত্তরে সোনা পাপ্পুর সুর নরম হয়ে যায়। তিনি বলেন, 'আইনি পথে যা হবে দেখা যাবে।'

    গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এ ছাড়াও সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। ED সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি FIR দায়ের রয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন থানায়। দুর্নীতি, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কসবা, বালিগঞ্জ এলাকায় সোনা পাপ্পু ও তাঁর বাইক বাহিনীর দাপটে সন্ত্রস্ত হয়ে থাকতেন এলাকাবাসী। সিন্ডিকেট রাজ চালান তিনি, অভিযোগ এমনটাই। প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায়, অসীম বসু, কুমার সাহার মতো তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ওঠাবসা বলেই খবর স্থানীয় সূত্রে।

    যদিও এদিন ED দফতরে প্রবেশের সময়ে তিনি কার্যত জোর গলাতেই বলেন, 'আমি রাজনৈতিক নেতা নই, আমার কোনও পোর্টফোলিও নেই। রাজনৈতিক দলের খুব বড় পোস্টহোল্ডারের সঙ্গে কোনওদিন কোনও যোগাযোগ ছিল না। আমার বিরুদ্ধে কোনওদিন কোনও থানায় তোলাবাজির কোনও অভিযোগ ছিল না। আমি কোনও অপরাধ করিনি'

    মাত্র কিছুদিন আগে এই একই দুর্নীতি মামলায় পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে যোগসূত্র আছে বলেই ED সূত্রে খবর। তবে এদিন সোনা পাপ্পু সে কথা অস্বীকার করে জানান, শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তাঁর কোনও দিন কোনও যোগাযোগ হয়নি। 


     

     
  • Link to this news (আজ তক)