মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পাঁচিল টপকে পালিয়ে যান তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সাগরদিঘির চাঁদপাড়া গ্রামে নূরে মেহবুব আলমের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড কার্তুজ, চারটি ম্যাগাজিন, ধারালো দেশি অস্ত্র, একটি গাড়ি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনায় এক নাবালক-সহ দু’জনকে আটক করা হয়েছে বলে খবর।
তদন্তকারীদের দাবি, ধৃতরা অস্ত্র কোথায় রাখা ছিল সে বিষয়ে জানত। উদ্ধার হওয়া গাড়িতে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বোর্ড লাগানো ছিল বলেও সূত্রের খবর। কী উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হয়েছিল এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।