কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ সতীশনের, মন্ত্রিসভায় গুরুত্ব মুসলিম লিগকে, পাশে থাকার বার্তা মোদির
প্রতিদিন | ১৮ মে ২০২৬
দীর্ঘ ১০ বছরের বাম শাসনের অবসান ঘটেছে কেরলে। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ভিডি সতীশন। রাজ্যের গোটা মন্ত্রিসভাই এদিন শপথ নিয়েছে। মুসলিম লিগের পাঁচ বিধায়ককে মন্ত্রিত্ব দিয়েছে কেরলের নতুন কংগ্রেস সরকার। কেরলের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কেন্দ্র সবরকমভাবে কেরল সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কেরলে বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কিন্তু প্রথম দিন থেকেই নানা ইস্যুতে দলের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে ১০ দিন সময় লেগেছে কংগ্রেসের। দীর্ঘ টানাপোড়েনের পর নিচুতলার কর্মীদের দাবিতে সিলমোহর দিয়ে কেরলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে দল। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে কংগ্রেসের অধিকাংশ সিদ্ধান্তই নাকি নিচ্ছে জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। হাত শিবিরের নেতারাই অনেকে অভিযোগ করছেন, লিগের কাছে কংগ্রেস মাথা নত করছে।
বিতর্কের আবহেই সোমবার শপথ নিল কেরলের গোটা মন্ত্রিসভা। কয়েক দশকের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে গোটা মন্ত্রিসভা শপথ নিল দক্ষিণের রাজ্যটিতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সতীশনের হাতে থাকবে অর্থ এবং বন্দর দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর পেতে পারেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথালা। একটা সময়ে মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ২১ জনের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য উপস্থিতি পাঁচ মুসলিম লিগ বিধায়কের। তাঁরা কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।
বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের নতুন মুখ্যমন্ত্রীকে। মোদির বার্তা, ‘ভিডি সতীশনজিকে আমার আন্তরিক অভিনন্দন। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য শুভেচ্ছা রইল। মানুষের আশাপূরণের জন্য কেরলের নতুন সরকারের পাশে সবসময় থাকবে কেন্দ্র সরকার।’ আগামী দিনে মুসলিম লিগের সামনে কি মাথা নত করবে কেরলের কংগ্রেস সরকার? প্রশ্ন রাজনৈতিক মহলে।