আর ‘জয় বাংলা’ বলা চলবে না, উত্তরবঙ্গে ‘বাংলাদেশি’ স্লোগান নিষিদ্ধ করে হুঁশিয়ারি কেএলও-র!
প্রতিদিন | ১৮ মে ২০২৬
বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলে বিজেপি সরকার গঠন করেছে। উত্তরবঙ্গে কার্যত ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। এবার উত্তরের মাটিতে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ ঘোষণা করল ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’ কেএলও। এক ভিডিও বার্তা সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের। উত্তরবঙ্গ বাংলাদেশ নয়। সেজন্য এখানে ওই স্লোগান দেওয়া চলবে না। উত্তরবঙ্গের স্লোগান হবে ‘জয় আই কামতাপুর’। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
এই স্লোগান পরিবর্তনের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১৫দিন পর্যন্ত ওই সময়সীমা রাখা হয়েছে। ভিডিও বার্তায় জানানো হয়েছে, মুখে ‘জয় বাংলা’ বলবেন আর বিপদে পড়লে হলুদ গামছা গলায় জড়িয়ে নিজেকে ‘রাজবংশী’ বলে চিৎকার করবেন, সেটা চলবে না। কেএলও-র তরফে বেশ কড়া সুরেই এই বার্তাই দেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক মহলে। ভোটের আগে কেএলও-র প্রধান জীবন সিংয়ের দু’টি বার্তা প্রকাশিত হয়েছিল। সেখানে উত্তরবঙ্গে বিজেপিকে সমর্থনের বার্তা দেওয়া হয়। সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়া কথাও বলা হয়েছিল! প্রশ্ন উঠেছে, বিজেপির জয়লাভে উত্তরবঙ্গে কেএলও কি ফের নিজেদের জমি শক্ত করতে চাইছে?
প্রসঙ্গত, বিগত রাজ্য সরকারের সময়ে তৃণমূলের তরফে বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগানের পালটা হিসেবে ‘জয় বাংলা’ স্লোগান বেছে নেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে ‘জয় বাংলা’ স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ের প্রধান জাতীয় স্লোগান ছিল। ২০২০ সালে বাংলাদেশ হাইকোর্ট ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়। বিজেপি রাজ্য নেতৃত্ব বরাবর পশ্চিমবঙ্গে এই ‘জয় বাংলা’ স্লোগানের বিরোধিতা করেছেন।
এবার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন হাওড়ার বালি এবং কলকাতার কালীঘাটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর কনভয় ও সমর্থকদের সঙ্গে বড় ধরনের ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটে। শনিবার ফলতা বিধানসভার পুননির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান বলে যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের ছাড়া হবে না। এবার স্লোগান বিতর্কে নতুন মাত্রা যোগ করল কেএলও-র এই হুঁশিয়ারি।