• মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজি
    এই সময় | ১৮ মে ২০২৬
  • ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল থেকে বহিষ্কার করা হলো তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজিকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্মল মাজি ছাড়াও চিকিৎসক সৌরভ পালকেও মেডিক্যাল কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে।

    উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে শুক্রবার এসএসকেএম হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, সরকারি হাসপাতালের অধক্ষ্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানেই স্বাস্থ্যের হাল ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরে ‘ঘুঘুর বাসা’ ভাঙার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়। এর মাঝেই মেডিক্যাল কাউন্সিলের সদস্যপদ নিয়ে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের।

    তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা নির্মল মাজি এর আগে বেশ বিতর্কে জড়িয়েছিলেন। ২০১৫ সালে এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগে একটি কুকুরের ডায়ালাসিস করানোর অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়।

    এখানেই শেষ নয়, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্মল। ছাত্রদের স্লোগানের মাঝে ভাষণ না দিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।

    উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোঘাট আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন নির্মল মাজি। বিজেপি প্রার্থী প্রশান্ত দিগরের কাছে ৪৯,৫৮২টি ভোট তিনি পরাজিত হয়েছেন।

  • Link to this news (এই সময়)