Breaking: সোমবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু আছে। অন্য দিকে, ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে বলে খবর। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, বিকেল ৪.১০ মিনিট নাগাদ এক পুরুষ যাত্রী রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ওই যাত্রীকে মেট্রো লাইন থেকে তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর পরেই ডাউন লাইনে আংশিক রুটে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে।
উল্লেখ্য, সপ্তাহের শুরুর দিন সকালেও মেট্রো পরিষেবা নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোও সামান্য দেরিতে চলছে অভিযোগ ছিল। মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরামে মেট্রোর রেক ঘোরানোয় সামান্য বিলম্ব হওয়ায় কিঞ্চিৎ সমস্যা হয়। তবে অফিস টাইমে মেট্রো সামান্য দেরিতে চলার কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে।