আজকাল ওয়েবডেস্ক: মৃত কর্মচারীর ডেথ বেনিফিট ১৮ লক্ষ টাকা পাইয়ে দেবার নাম করে কাট মানি নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি। তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।
সোমবার চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এক সাংবাদিক সম্মেলন করে জানান, গতকাল শ্রীরামপুর বাঙ্গীহাটি এলাকার একটি স্পিনিং মিলের এক কর্মচারী আকাশ মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন, ২০২৪ সালে তাঁর বাবা গোবিন্দ মণ্ডল মারা যান। তিনিও বাঙ্গিহাটি স্পিনিং মিলে চাকরি করতেন। ডেথ বেনিফিটে তাঁর পাওনা হয়েছিল ১৮ লক্ষ টাকা।
আকাশের অভিযোগ তার বাবার এই ডেথ বেনিফিট পাইয়ে দেবার নাম করে কারখানার আইএনটিটিইউসি নেতা শেখ রবিউল প্রবীর মন্ডল এবং স্পিনিং মিলের একজন কেরানি প্রসেনজিৎ চ্যাটার্জি ৬ লক্ষ টাকা দাবি করে, এরপর আকাশ তাঁদের দুটি পর্যায়ে দশ হাজার এবং ১৫ হাজার টাকা দেন। কিন্তু তারপর থেকে তাঁর বাবার পাওনা টাকা পাইয়ে দেবার ব্যাপারে অভিযুক্তরা ঢিলেমি করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর সেই টাকা না পাওয়ায় মৃত গোবিন্দ মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল পুলিশের কাছে অভিযোগ করেন অভিযুক্তদের বিরুদ্ধে।
এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে, শুধু তাই নয় , এ ব্যাপারে অভিযোগ রয়েছে আরো দু'জনের বিরুদ্ধে তাদেরও পুলিশ খুঁজছে বলে ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, তাঁদের বিরুদ্ধে জোর করে তোলাবাজির অভিযোগ রয়েছে। এবং ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।