আজকাল ওয়েবডেস্ক: ভোটে ভরাডুবি। সরকার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস এখন বিরোধী পক্ষ। কিন্তু বিধানসভায় জটিলতা তারপরেও। দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেবের নাম ঘোষণা করার পরেও, তাঁকে সেই স্বীকৃতি দিচ্ছে না বিধানসভা। তেমনটাই অভিযোগ বালিগঞ্জের বিধায়কের। এই প্রসঙ্গে উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান, এবার বিধানসভায় বিরোধী দলনেতা বা পরিষদীয় দলনেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন বর্ষীয়ান রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়।
অভিষেকের নামের লেটারহেডে চিঠি লিখেই বিধানসভায় বিরোধী দলনেতার নাম জানানো হয়। কিন্তু টালবাহানা সেখানেই। ওই চিঠির ভিত্তিতে হবে না সিদ্ধান্ত, নাকচ করে দেওয়া হয় অভিষেকের দেওয়া চিঠি। বিরোধী দলনেতার ঘরও বিধানসভায় দেওয়া হয়নি, অভিযোগ তেমনটাই।
একদিকে বিধানসভার সচিবালয়ের দাবি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিঠি দিয়ে বিরোধী দলনেতার নাম জানাতে পারেন না। তখনই আবার শোভনদেবের দাবি, দল রেগুলেশন জমা দেবে, তেমনটা নিয়মে নেই।
আজকাল ডট ইন এই বিষয়ে শোভনদেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, '১৩ মে, স্পিকার নির্বাচনের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কে তৃণমূলের বিরোধী দলনেতা হবেন। সেই চিঠিকে বলছে গ্রাহ্যনীয় নয়। বলা হচ্ছে দলের রেগুলেশন লাগবে। দলের নেতাদের সই লাগবে। আমি আজকেই আরটিআই করেছি। ২০১১, ১৬ এবং সালে কীভাবে হয়েছে বিরোধী দলনেতা নির্বাচন, আরটিআই করে জানতে চেয়েছি।'
সঙ্গেই তাঁর স্পষ্ট বক্তব্য, 'আমরা দলের নেতাদের সই দেব কেন? আমরা রেগুলেশনের আউটকাম দিতে পারি। আমি যতদূর জানি, ২০১১,১৬-২১, কখনওই দলের রেগুলেশন চাওয়া হয়নি। তবে আমার আরটিআই-এর কোনও জবাবও দেয়নি এখনও।'