মিল্টন সেন: 'শিল্পাঞ্চলে ব্যবসা বা শিল্প করতে গেলে আর কোনও টাকা কাউকে দিতে হবে না। কেউ টাকা চাইলে বা কোনও সমস্যা করলে সরাসরি ফোন করবেন।'
অ্যাসোসিয়েশন অফ কমার্সের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সোমবার নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানায় হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স।
অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে ফুল, মিষ্টি ও উপহার দিয়ে সংবর্ধনা জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসিরুদ্দিন মন্ডল, সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণচন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ শিশির কুমার দাস, সদস্য সঞ্জীব নাগ, পল্লবী সাউ সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক জানান, ‘হুগলি শিল্পাঞ্চলে ব্যবসা করতে গেলে কোনও ব্যক্তিকে এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই। সরকারি নিয়ম মেনে করতে হবে ব্যবসা।’ কারোর কোন সমস্যা হলে সরাসরি তাঁকে ফোন করার কথা বলেন বিধায়ক।
বিধায়ক আরও বলেন, ‘চুঁচুড়া বিধানসভায় যারা শিল্প করছেন বা ব্যবসা করছেন তারা নির্বিঘ্নে করুন। চেষ্টা করবেন যাতে এলাকার আরও উন্নয়ন ঘটে। বেশি সংখ্যক ছেলে মেয়ে যেন আপনাদের মাধ্যমে কর্মসংস্থানের দিশা খুঁজে পায়। আগামী দিনে চুঁচুড়া আরও ডেভেলপ করুক এবং এগিয়ে যাক সেটাই চাইব।’
পাশাপাশি বিধায়ক বলেন, ‘যদি কোনও শিল্পপতি একা অথবা কয়েকজন মিলে একটি ভাল হাসপাতাল করেন তাহলে গ্রামের দিকে অনেক মানুষের উপকার হবে।’ কোনও শিল্পপতি হাসপাতাল গড়ার উদ্যোগ নিলে বিধায়ক হিসেবে সব রকম ভাবে সাহায্য করার বার্তাও দেন তিনি।
সংগঠনের সভাপতি নাসিরুদ্দিন মন্ডল বলেন, ‘বিধায়ক সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আগামী দিনে কোনও সমস্যা হলে বিধায়ককে অবশ্যই জানাব। তিনিও সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা ভীষণ খুশি। আগামী দিনে যাতে চুঁচুড়া শিল্পাঞ্চলের মাধ্যমে আরও বেশি মানুষের কর্মসংস্থান হয় সেদিকেও আমরা নজর দেব।’